ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মেয়র মামদানির ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে নিউ ইয়র্ক আদালত


মেয়র মামদানির ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে নিউ ইয়র্ক আদালত

নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ভাড়া অপরিবর্তিত রাখার (রেন্ট ফ্রিজ) সিদ্ধান্তকে বহাল রেখেছে। একই সঙ্গে আদালত বাড়ির মালিকদের একটি গোষ্ঠীর করা আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে শহরের প্রায় অর্ধেক ভাড়াবাড়ির ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি হবে না।

মামদানি নির্বাচনে জয়ী হয়েছিলেন আবাসন ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার প্রতিশ্রুতি দিয়ে। আদালতের এ রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, "এটি ভাড়াটিয়াদের অধিকার, সাশ্রয়ী আবাসন এবং কর্মজীবী নিউ ইয়র্কবাসীর বসবাসের উপযোগী শহর পাওয়ার অধিকারের বিজয়।"

বাড়ির মালিকরা অভিযোগ করেছেন, ভাড়া নির্দেশিকা বোর্ডের (রেন্ট গাইডলাইনস বোর্ড) ভাড়া বৃদ্ধি স্থগিতের সিদ্ধান্তটি স্বাধীনভাবে নেওয়া হয়নি। তারা দাবি করেন, মামদানির অনুগত সদস্যদের প্রভাবেই এ সিদ্ধান্ত এসেছে। এ প্রক্রিয়াকে ‘লোকদেখানো’ আখ্যা দিয়ে আদালতে আবেদন করেছিলেন বাড়ির মালিকেরা।

আরও পড়ুন: বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি ছেলে-মেয়ে-স্ত্রীকে কত পাবেন

বিচারপতি ব্রেন্ডন ল্যান্ট্রি রায়ে উল্লেখ করেছেন, বাড়িওয়ালারা প্রমাণ করতে পারেননি যে ভাড়া অপরিবর্তিত রাখার সিদ্ধান্তটি অযৌক্তিক, খেয়ালখুশিমতো নেওয়া বা স্বেচ্ছাচারী ছিল। তিনি আরও বলেন, মামদানির এমন সদস্যদের বোর্ডে নিয়োগ দেওয়ার অধিকার রয়েছে, যারা তার কর্মসূচির সঙ্গে একমত।

রায়ে বলা হয়, "নির্বাচনের ফলাফলের প্রভাব থাকে—এটি আমাদের গণতন্ত্রের অন্যতম ভিত্তি।"

রায়ে আরও উল্লেখ করা হয়, "নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মেয়র জোহরান মামদানি ২০২৫ সালের সাধারণ নির্বাচনে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি নিজের পছন্দ অনুযায়ী বোর্ডের সদস্য নিয়োগ দিয়েছেন, যা করার পূর্ণ ক্ষমতা তার ছিল। বোর্ডের সদস্যদের সঙ্গে মেয়রের রাজনৈতিক মতাদর্শ ও দর্শনের মিল থাকলেই তা যোগসাজশের প্রমাণ হয়ে যায় না।"

মামদানি বলেন, আদালতের এ সিদ্ধান্তে ২০ লাখের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। এক বিবৃতিতে তিনি বলেন, "আবাসন কোনো বিলাসদ্রব্য নয়, এটি মানুষের মৌলিক প্রয়োজন। এ ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ২০ লাখের বেশি মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।"

আরও পড়ুন: নড়াইলে আওয়ামী লীগের হামলায় সাবেক এমপির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

সূত্র: রয়টার্স

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ারিশি জমি ভাগ করার নিয়ম ও আইনে যা বলা আছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ এম


ওয়ারিশি জমি ভাগ করার নিয়ম ও আইনে যা বলা আছে

বাংলাদেশে ওয়ারিশি জমির ভাগ-বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের ঘটনা প্রায়ই ঘটে। জমিতে ঘর নির্মাণ, অন্য ওয়ারিশের অংশ বাইরের কারও কাছে বিক্রি অথবা উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার মতো ঘটনা বিরোধ সৃষ্টি করে। তবে আইন অনুযায়ী, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি বণ্টনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। পারিবারিক সমঝোতার মাধ্যমে নিবন্ধিত বণ্টননামা তৈরি করা যেতে পারে। যদি সমঝোতা সম্ভব না হয়, তাহলে আদালতের মাধ্যমে বাটোয়ারা চাওয়ার সুযোগ রয়েছে।

সমঝোতার মাধ্যমে যেভাবে জমি ভাগ করবেন

পরিবারের সব ওয়ারিশ জমি ভাগ করার বিষয়ে একমত হলে নিবন্ধিত বণ্টননামার মাধ্যমে সম্পত্তি ভাগ করা সম্ভব। এই প্রক্রিয়ায় প্রথমে প্রত্যেক উত্তরাধিকারীর আইনগত প্রাপ্য অংশ নির্ধারণ করা প্রয়োজন।

বণ্টননামা তৈরির সময় সব ওয়ারিশকে অন্তর্ভুক্ত করা আবশ্যক। বিবাহিত বোন, প্রবাসী ভাই অথবা আগে মারা যাওয়া কোনো ওয়ারিশের উত্তরাধিকারীদের বাদ দিয়ে দলিল তৈরি করলে ভবিষ্যতে আইনি জটিলতা দেখা দিতে পারে।

নাবালক ওয়ারিশ থাকলে তার সম্পত্তির স্বার্থ সুরক্ষায় আইনগত অভিভাবকত্ব ও প্রয়োজনীয় অনুমতির বিষয়টি নিশ্চিত করতে হবে। দলিলে জমির মৌজা, খতিয়ান, দাগ নম্বর, জমির পরিমাণ এবং প্রত্যেকের বরাদ্দকৃত অংশ স্পষ্টভাবে উল্লেখ করা আবশ্যক।

স্থাবর সম্পত্তির বণ্টননামা আইন অনুযায়ী নিবন্ধন করাও গুরুত্বপূর্ণ। মৌখিক সমঝোতা বা অনিবন্ধিত কাগজের ওপর নির্ভর করলে পরবর্তী সময়ে মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে।

সমঝোতা না হলে বাটোয়ারা মামলা

যদি সব ওয়ারিশ একমত না হন, তাহলে যেকোনো শরিক দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করতে পারেন। জমি যে এলাকায় অবস্থিত, সেই এলাকার এখতিয়ারসম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হয়। মামলায় জমির মালিকানার ইতিহাস, ওয়ারিশদের পরিচয় এবং প্রত্যেকের দাবিকৃত অংশের বিবরণ দিতে হবে। সংশ্লিষ্ট সব শরিককে মামলার পক্ষ করাও জরুরি।

বাটোয়ারা মামলা যেভাবে চলে

বাটোয়ারা মামলার প্রথম ধাপে বাদী আদালতে আরজি দাখিল করেন। এরপর আদালত জমির মালিকানা ও প্রত্যেক শরিকের আইনগত অংশ যাচাই করে প্রাথমিক ডিক্রি দিতে পারেন।

প্রাথমিক ডিক্রির পর জমি সরেজমিনে পরিমাপ ও বণ্টনের জন্য আদালত অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করতে পারেন। কমিশনার জমির অবস্থান, ঘরবাড়ি, দখল, চলাচলের পথসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বণ্টনের প্রস্তাব দেন।

কমিশনারের প্রতিবেদন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পর্যালোচনা করে আদালত চূড়ান্ত ডিক্রি দেন। এরপর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যেক শরিক নিজের বরাদ্দকৃত অংশের দখল বুঝে নিতে পারেন।

যদি কোনো জমি বা বাড়ি বাস্তবে ভাগ করা সম্ভব না হয়, তাহলে বাটোয়ারা আইন, ১৮৯৩ অনুযায়ী আদালত নির্দিষ্ট পরিস্থিতিতে সম্পত্তি বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ শরিকদের মধ্যে বণ্টনের আদেশ দিতে পারেন।

শরিক বাইরের কারও কাছে জমি বিক্রি করলে কী করবেন?

অবিভক্ত জমির কোনো শরিক নিজের অংশ বাইরের ব্যক্তির কাছে বিক্রি করলে অন্য শরিকদের জন্য আইন অনুযায়ী অগ্রক্রয়ের সুযোগ থাকতে পারে। তবে জমির ধরন ও প্রযোজ্য আইনের ওপর নির্ভর করে এ অধিকার প্রয়োগের নিয়ম ও সময়সীমা নির্ধারিত হয়।

কৃষিজমির ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯৬ ধারায় নির্দিষ্ট শর্তে উত্তরাধিকারসূত্রে শরিক অন্য ব্যক্তির কাছে বিক্রি করা অংশ অগ্রক্রয়ের আবেদন করতে পারেন।

এ ক্ষেত্রে বিক্রির নোটিশ পাওয়ার বা বিক্রির বিষয়টি জানার দুই মাসের মধ্যে আবেদন করার বিধান রয়েছে। তবে দলিল নিবন্ধনের তারিখ থেকে তিন বছর পার হলে আবেদন করার সুযোগ থাকে না। আবেদনকারীকে বিক্রয়মূল্যের সঙ্গে অতিরিক্ত ২৫ শতাংশ ক্ষতিপূরণ এবং বার্ষিক ৮ শতাংশ হারে সরল সুদ জমা দেওয়ার বিধান রয়েছে।

অন্যদিকে, অকৃষি জমির ক্ষেত্রে অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯-এর ২৪ ধারায় অগ্রক্রয়ের বিধান রয়েছে। এ ক্ষেত্রেও পৃথক শর্ত ও সময়সীমা প্রযোজ্য।

তাহলে কোনো শরিক জমি বাইরের কারও কাছে বিক্রি করলে দ্রুত আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি।

ওয়ারিশি জমির নামজারি কীভাবে হবে?

জমি আনুষ্ঠানিকভাবে ভাগ না হলেও সব ওয়ারিশের নামে যৌথ নামজারি ও খতিয়ান করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ওয়ারিশ সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে উত্তরাধিকারীদের নাম অন্তর্ভুক্ত করা যায়।

তবে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক খতিয়ান করতে হলে সাধারণত নিবন্ধিত বণ্টননামা বা আদালতের চূড়ান্ত ডিক্রির প্রয়োজন হয়। এসব দলিলের ভিত্তিতে পৃথক নামজারির আবেদন করা যায়।

নামজারি সম্পন্ন হওয়ার পর প্রত্যেককে নিজের বরাদ্দকৃত জমির জন্য নিয়ম অনুযায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে।

জমি ভাগ করার আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

ওয়ারিশি জমি নিয়ে ভবিষ্যতের বিরোধ এড়াতে প্রথমেই সব উত্তরাধিকারীর পরিচয় ও আইনগত অংশ যাচাই করতে হবে। জমির খতিয়ান, দাগ নম্বর, দলিল এবং ওয়ারিশ সনদের তথ্য মিলিয়ে দেখা জরুরি।

সব ওয়ারিশের সম্মতিতে বণ্টননামা তৈরি ও নিবন্ধন করতে হবে। জমি আনুষ্ঠানিকভাবে ভাগ হওয়ার আগে নির্দিষ্ট কোনো অংশের একক মালিকানা দাবি করে ঘর নির্মাণ বা জমি বিক্রি করলে বিরোধের আশঙ্কা থাকে।

সর্বোপরি, পারিবারিক সমঝোতা সম্ভব হলে নিবন্ধিত বণ্টননামার মাধ্যমে জমি ভাগ করাই তুলনামূলক সহজ পদ্ধতি। আর সমঝোতা না হলে আদালতে বাটোয়ারা মামলা করার আইনি সুযোগ রয়েছে। সঠিক ওয়ারিশ নির্ধারণ এবং আইন অনুযায়ী সম্পত্তি বণ্টন করলেই ভবিষ্যতের অনেক বিরোধ এড়ানো সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে ১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ এম


যশোরে ১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫

যশোরের অভয়নগরে অভিযান পরিচালনা করে আনুমানিক ৫৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৫০ টন চোরাই সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এই গম জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- মাগুরার মহম্মদপুরের আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গার মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুরের নয়ন, নোয়াখালীর রায়হান উদ্দিন এবং নড়াইলের খালিদ হাসান ও ঝালকাঠির হাসান ইসলাম।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলার হারবারিয়া এলাকা থেকে ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ নওয়াপাড়া নৌবন্দরে আসে। রাত ৩টার দিকে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্যবানু-১১ নামে কার্গো জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন সরকারি গমসহ জাহাজটি জব্দ করা হয়।

সরকারি গমগুলো কিভাবে জাহাজে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআইয়ের হাতে মানবজাতির নিয়ন্ত্রণ তুলে দেওয়ার বিপক্ষে অ্যানথ্রপিকের প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৯ এম


এআইয়ের হাতে মানবজাতির নিয়ন্ত্রণ তুলে দেওয়ার বিপক্ষে অ্যানথ্রপিকের প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে মানবজাতির সিদ্ধান্ত গ্রহণ ও শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ হস্তান্তরের পক্ষে নন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। তিনি এআইয়ের হাতে শাসনক্ষমতা ছেড়ে দেওয়ার ধারণাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তবে, মানুষের বিভিন্ন কাজকে এআইয়ের মাধ্যমে আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার সম্ভাবনাকে তিনি ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের ভেতরে একটি বিষয়ে ঐকমত্য বিদ্যমান। সেটি হলো, যেসব কাজ এআই মানুষের তুলনায় ভালোভাবে সম্পন্ন করতে পারে, সেসব ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রযুক্তিটির হাতে তুলে দেওয়া উচিত। আমোদেই ও প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহীরা রোগ নিরাময়ের মতো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এআইয়ের হাতে কর্তৃত্ব না দেওয়াকে অযৌক্তিক এবং অনৈতিক বলেও মনে করেন।

বুধবার অ্যাক্সিওস নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে।

তবে, আমোদেই ওই প্রতিবেদনের বক্তব্যের বিরোধিতা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন যে, এআইয়ের হাতে শাসনক্ষমতা তুলে দেওয়ার পক্ষে তিনি নন। তার ভাষায়, “এআইয়ের হাতে শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ তুলে দেওয়া ভয়াবহ একটি ধারণা।”

তিনি আরও বলেন, “যদি আমি মনে করতাম, এসবের কোনোটি ভালো ধারণা, তাহলে আমি প্রকাশ্যে তার পক্ষে কথা বলতাম। গত কয়েক বছরে অনেক অজনপ্রিয় মতের পক্ষে কথা বলতে আমি পিছপা হইনি। কিন্তু আমি এর পক্ষে কথা বলছি না।”

আমোদেইয়ের এই বক্তব্য এমন একটি সময় এসেছে, যখন প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীরা বলছেন, এআই মানুষের বুদ্ধিমত্তার সমান বা তার চেয়ে বেশি সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে।

এক্সে আমোদেই বলেন, এআইকে নির্দিষ্ট কিছু কাজের দায়িত্ব দেওয়া এবং বৈশ্বিক শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ পুরোপুরি প্রযুক্তিটির হাতে তুলে দেওয়া—এই দুটি বিষয়কে অনেকে এক করে ফেলছেন। অথচ বিষয় দুটি এক নয়।

তিনি বলেন, এখানে এআইয়ের হাতে ‘বিশ্ব পরিচালনার’ দায়িত্ব তুলে দেওয়ার কথা বলা হচ্ছে না। বরং এআই দিয়ে গাড়ি চালানো, ক্যানসারের ওষুধ তৈরি কিংবা শুরু থেকে শেষ পর্যন্ত সফটওয়্যার তৈরি করার মতো কাজের কথা বলা হচ্ছে।

এ ধরনের কাজে এআইয়ের ব্যবহার নিয়ে তার অবস্থান মিশ্র বলে জানান আমোদেই। তার মতে, এআইয়ের মাধ্যমে আরো বড় ও জটিল কাজ সম্পন্ন করা অর্থনৈতিকভাবে লাভজনক। সফটওয়্যার, চিকিৎসা, পরিবহন ও জ্বালানিসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতির সুযোগ তৈরি করতে পারে এটি।

আমোদেই বলেন, অনেক ক্ষেত্রেই এআইয়ের এ ধরনের ব্যবহার স্পষ্টতই ইতিবাচক এবং এর মাধ্যমে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব। তবে এর নেতিবাচক দিকও রয়েছে। কিছু ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তির ব্যবহার আদৌ লাভজনক বা গ্রহণযোগ্য না-ও হতে পারে।

‘এআইয়ের সক্ষমতা বাড়ছে, নিয়ন্ত্রণের প্রশ্নও জোরালো হচ্ছে’

এআই মানুষের সেরা মেধাবীদের সমান বা তাদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনা চলছে। মানুষের সাধারণ বুদ্ধিমত্তার সমান বা কাছাকাছি সক্ষমতা অর্জনকারী এআইকে বলা হয় কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই)। আর মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়া ব্যবস্থাকে বলা হয় কৃত্রিম অতিবুদ্ধিমত্তা (এএসআই)।

এ ধরনের প্রযুক্তি মানবকল্যাণে ব্যবহার করা সম্ভব হবে কি না, নাকি তা মানবজাতির জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠবে—এ নিয়ে সিলিকন ভ্যালিসহ বিশ্বের বিভিন্ন মহলে বিতর্ক চলছে।

এআইয়ের নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে, অত্যন্ত উন্নত সক্ষমতার এআই মডেল একসময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে মানুষের সরাসরি সহায়তা ছাড়াই যখন এআই নিজেকে আরো উন্নত করতে পারবে, তখন এই ঝুঁকি বাড়তে পারে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘রিকর্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বা পুনরাবৃত্তিমূলক স্বউন্নয়ন।

এদিকে এএসআই তৈরির বিরোধিতায় কাজ করা অলাভজনক সংস্থা ইভিটেবলের প্রতিষ্ঠাতা ডেভিড ক্রুগার বলেছেন, মানবজাতি এআইয়ের নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে আমোদেই যদি সত্যিই উদ্বিগ্ন হন, তাহলে অ্যানথ্রপিকের উচিত তাদের এআই উন্নয়ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা।

আলজাজিরাকে ক্রুগার বলেন, এআইয়ের নিয়ন্ত্রণ হারাতে হলে মানুষকে সচেতনভাবে প্রযুক্তিটির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, এমন নয়। এআইয়ের সক্ষমতা যত বাড়বে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব থেকে মানুষকে সরিয়ে দেওয়ার চাপও তত বাড়বে।

তিনি আরো বলেন, আমোদেইয়ের নিজের প্রতিষ্ঠানের গবেষকেরাও সতর্ক করছেন যে এআইয়ের সক্ষমতা বাড়ার গতি একে নিয়ন্ত্রণে রাখার সক্ষমতার চেয়ে বেশি। এ পরিস্থিতিতে উন্নত এআই নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের ওপর অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক স্থগিতাদেশ প্রয়োজন।

২০২৮ সালের আগেই এজিআই আসার সম্ভাবনা দেখছেন গুগলের বিজ্ঞানী

এজিআই ও এএসআইয়ের সর্বজনস্বীকৃত কোনো সংজ্ঞা এখনো নেই। তবে গত এক সপ্তাহে প্রযুক্তি খাতের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইঙ্গিত দিয়েছেন, এ ধরনের প্রযুক্তি বাস্তবে আসার সময় ঘনিয়ে এসেছে।

গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান এজিআই বিজ্ঞানী শেন লেগ বুধবার বলেছেন, ২০২৮ সালের আগেই ‘ন্যূনতম পর্যায়ের’ এজিআই আসার সম্ভাবনা ৫০ শতাংশের বেশি বলে তিনি মনে করেন।

এক্সে দেওয়া এক পোস্টে লেগ বলেন, ‘আমরা এখন সেই সময়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

এর আগে রোববার মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং বলেন, এএসআই ‘আসছে’। এ প্রসঙ্গে তিনি অ্যানথ্রপিকের এক কর্মীর ক্লড এআই ব্যবহার করে রিম্যান হাইপোথিসিস সমাধানের ঘোষণার কথা উল্লেখ করেন। গণিতের অন্যতম কঠিন সমস্যা হিসেবে পরিচিত এই অনুমানটির সমাধান দীর্ঘদিন ধরে গবেষকদের কাছে বড় চ্যালেঞ্জ।

ওয়াং এক্সে বলেন, আগামী এক বছরে মানবজাতি কীভাবে পদক্ষেপ নেয়, তার ওপর ভবিষ্যতে আমরা কেমন পৃথিবীতে বসবাস করব, তা অনেকাংশে নির্ভর করবে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ এম


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানী ঢাকার শেরেবাংলানগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ শিরোনামে।

এই উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন।

আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%