১০:৫৯ পি.এম
নেত্রকোনার প্রশাসন কেন্দুয়ায় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪২টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেছে। এ সময়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
বুধবার (১৫ জুলাই) দুপুরের পর উপজেলার চিরাং ইউনিয়নের চিরাং বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী।
আরও পড়ুন: গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্য নিহত
এ সময়ে কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানানো হয়, প্রতি সপ্তাহে বুধবার হাট বসে চিরাং বাজারে। এই হাটে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের পর উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে হাটে অভিযান চালিয়ে ২ জন ব্যবসায়ীকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ৪২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য ৩৩৬ মিটার এবং আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটক ২ জন ব্যবসায়ীকে দুইটি পৃথক মামলায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, "উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে, সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ ও ক্ষতিকর এ জালের ব্যবহার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন