০৯:৩৯ পি.এম
লালমনিরহাট, ৩১ অক্টোবর ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আজ শনিবার বিকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের সহযোগিতায় লালমনিরহাটে ক্রীড়া ক্ষেত্রে প্রাণের সঞ্চার ঘটেছে। সরকারের সদিচ্ছা ও ক্রীড়া প্রতিমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘খেলায় অংশগ্রহণের মাধ্যমে তোমাদের মধ্যে যে প্রতিভার বিকাশ হচ্ছে তা লেখাপড়ার পাশাপাশি ধরে রাখতে হবে।’
মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা নিয়ে তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজের জন্য মাদক ও জুয়া অন্যতম বাধা। তরুণেরা এতে বেশি আসক্ত হয়ে পড়ে। লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলায় মনোযোগী করতে পারলে তারা জুয়া ও মাদকের মতো অপকর্ম থেকে দূরে থাকবে, যা একটি সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে। তিনি আলোকিত লালমনিরহাট গড়তে সরকারি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, ঢাকা ও সন্তোষে কর্মসূচি
বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, ফুটবলকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। কিশোর বয়সই ফুটবলের জন্য উপযুক্ত সময়। যদি এই বয়সি ফুটবলারদের সঠিকভাবে পরিচালনা করা যায়, তবে দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ হবে। প্রতিমন্ত্রী এই ধরনের ফুটবল টুর্নামেন্ট অন্যান্য জেলায় আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
লালমনিরহাট জেলা প্রশাসক মো: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাটের পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অন্যান্য সরকারি কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থী, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনালে বসুন্ধরা ক্রীড়া চক্র ১-০ গোলে নবাবের হাট আদর্শ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আরও পড়ুন: পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্সের রায় আজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন