প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার পরিকল্পনা গ্রহণ করছে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
তিনি উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং যথাযথ পরিচর্যা, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা দেশের মূল্যবান সম্পদে পরিণত হতে পারেন। সরকারের লক্ষ্য হলো তাঁদের সুপ্ত প্রতিভা ও কর্মদক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা।
রবিবার (২২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বগুড়ার গাবতলী উপজেলার গোড়দহ এলাকায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্বপ্ন ছোঁয়া একাডেমি’ পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।
ডা. বিটু বলেন, বর্তমান সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। স্বাস্থ্য খাতে এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় দ্বিগুণ। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে। বিশেষভাবে নারী স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে পরামর্শ প্রদান করবেন।
প্রতিবন্ধিতা প্রতিরোধ এবং প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গর্ভবতী মায়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং অত্যন্ত জরুরি। শিশুর জন্মের আগে এবং পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মায়ের যথাযথ স্বাস্থ্যসেবা এবং সচেতনতা নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধিতার ঝুঁকি কমানো সম্ভব। এ লক্ষ্যে সরকার বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করেছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের জন্য উপযোগী কর্মক্ষেত্র, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, বিশেষায়িত শিক্ষা, ভাষা শিক্ষা এবং কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, কোনো শিশু শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন হলেও অন্য কোনো ক্ষেত্রে তার অসাধারণ প্রতিভা থাকতে পারে। কেউ যদি হাতের কাজে দক্ষ হন, তবে তাঁকে সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে, আবার কারও কথা বলার দক্ষতা ভালো হলে সেই প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এভাবে প্রত্যেক শিশুর সক্ষমতা অনুযায়ী তাঁকে গড়ে তোলা সম্ভব।
ডা. বিটু বলেন, যথাযথ পরিচর্যা, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দেশ-বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা সম্ভব। তাঁরা যেন কারও ওপর নির্ভরশীল না থেকে আত্মনির্ভরশীল ও উৎপাদনশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
এ সময় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন ডা. বিটু।
স্বপ্ন ছোঁয়া একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বিএনপি নেতা ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. তাপস দাসসহ গাবতলী পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন