০৩:৪৫ পি.এম
সিলেটে টিলা কাটার মহোৎসব চলছে। একের পর এক টিলা কেটে বসতবাড়ি, প্লট ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে। প্রশাসনের মামলা ও অভিযান সত্ত্বেও টিলা কাটা থামছে না। স্থানীয়রা প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতে পারছেন না। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত আড়াই দশকে সিলেট বিভাগের প্রায় ৩০ শতাংশ টিলা কেটে ফেলা হয়েছে।
রাত কিংবা দিন; অবিরাম টিলা কাটা চলছে। সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের পীরেরচক গ্রামে টিলা কাটার দৃশ্য দেখতে গিয়ে সময় সংবাদ টিমকে দেখে শ্রমিকরা সরঞ্জাম ফেলে পালিয়ে যান। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে একটি মাটিবাহী ট্রাকও। ট্রাকচালকের দাবি, স্থানীয় চেয়ারম্যান ট্রাকটি ভাড়া করেছেন।
তবে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তার সঙ্গে কথা বললে তিনি জানান, কোথায় টিলা কাটা হচ্ছে, তা খোঁজ নেয়ার কথা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, এএসআই পালিয়ে রক্ষা পেলেন
স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় অবৈধভাবে টিলা কেটে ট্রাকে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
একই ইউনিয়নের শ্মশানের টিলা এলাকায় গিয়ে দেখা যায়, কেটে ফেলা হয়েছে টিলার একটি অংশ। প্রথমে স্থানীয়দের কেউ কেউ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে একজনের কাছ থেকে টিলা কাটার তথ্য বেরিয়ে আসে।
সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডেও টিলা কেটে এবং সেই মাটি দিয়ে প্লট, দালানকোঠা ও অস্থায়ী ঘর তৈরি করা হচ্ছে। টিলা কাটার শাস্তি ও জরিমানার বিষয়ে সতর্ক করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে সাইনবোর্ডও লাগানো হয়েছে। কিন্তু তাতেও টিলা কাটা বন্ধ হচ্ছে না।
টিলার ওপর ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন অনেকে। ওপর থেকে দেখলে ঘরগুলো খেলনার মতো মনে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এসব স্থাপনা নির্মাণ থামানো যাচ্ছে না।
আরও পড়ুন: টঙ্গীতে সাবেক প্রতিমন্ত্রী রাসেলের ঘনিষ্ঠ যুবলীগ নেতা আক্তার হোসেন গ্রেপ্তার
টিলা কাটা বন্ধে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, যেখানেই টিলা কাটা হচ্ছে, সেখানেই মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হচ্ছে।
পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বনানী দাস বলেন, টিলা কাটা রোধে মামলা ও অভিযান অব্যাহত রয়েছে।
তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতারের অভিযোগ, প্রশাসনের ছত্রছায়ায় রাজনৈতিক নেতাদের নির্দেশে একটি দুষ্ট চক্র টিলাগুলো ধ্বংস করছে।
সিলেট বিভাগের চার জেলায় বর্তমানে ১ হাজার ৮৭৫টি টিলা রয়েছে। এসব টিলার মোট আয়তন ৪ হাজার ৮১১ একর। তবে গত আড়াই দশকে এ অঞ্চলের প্রায় ৩০ শতাংশ টিলা কেটে ফেলা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন