০৪:৫৩ পি.এম
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (বিএএস) ফেলো ও সহযোগী ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুই অধ্যাপক। ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এবং সহযোগী ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. কে এম গোলাম দস্তগীর।
বুধবার (১২ আগস্ট) নবনির্বাচিত সহযোগী ফেলো অধ্যাপক ড. মো. কে এম গোলাম দস্তগীর বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। সেচ ও পানি ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানি এবং কৃষিতে পানির ব্যবহার তার গবেষণার উল্লেখযোগ্য ক্ষেত্র।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, অধ্যাপক ড. আব্দুল মজিদের নামে ৯৮টি গবেষণা ও ১৮৬টি প্রকাশনার তথ্য রয়েছে। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নিউক্যাসল থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এবং জাপান ও জার্মানিতে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইল
অন্যদিকে, অধ্যাপক ড. মো. কে এম গোলাম দস্তগীর বাকৃবির কৃষি অনুষদের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক। উদ্ভিদ রোগতত্ত্ব, প্ল্যান্ট-মাইক্রোব ইন্টারঅ্যাকশন ও প্ল্যান্ট মাইক্রোবায়োম তার গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র। তার ৩৬টি গবেষণা প্রকাশনা রয়েছে।
গুগল স্কলার অনুযায়ী, এসব গবেষণাপত্রে প্রায় ১ হাজার ৯০০টি সাইটেশন রয়েছে। তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং জাপান ও যুক্তরাষ্ট্রে পোস্টডক্টোরাল গবেষণা সম্পন্ন করেছেন।
প্রসঙ্গত, গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তারা এককভাবে বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় স্বীকৃতি পেয়েছেন। সবশেষ, তারা দুজনই বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন।
অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর বলেন, "এটি অবশ্যই আমার জন্য একটি চমৎকার অনুভূতি। আমি বিভিন্ন সময় একাডেমিক সাফল্য পেয়েছি। এর আগে ছাত্রজীবনে এবং শিক্ষকতায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে পুরস্কার পেয়েছি। সবশেষ যুক্ত হলো বাংলাদেশ বিজ্ঞান একাডেমিতে অ্যাসোসিয়েট ফেলো হিসেবে কাজ করা। এটিকে আমি ঠিক অ্যাওয়ার্ড বলব না, এটি একটি ফেলোশিপ, একটি টিমের সঙ্গে কাজ করা। এটি একটি দায়িত্বেরও বিষয়।"
আরও পড়ুন: বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: ডা. জোবায়দা রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন