ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী


মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়নের জন্য একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো অপরিহার্য। তিনি উল্লেখ করেছেন, "আমরা স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করছি। মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে।"

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও জানান, "আইনের শাসন প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। আমরা এমন একটি সংস্কৃতি তৈরি করব, যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলো সত্যিই মানুষের সেবা করবে।"

আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি

রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, "বাংলাদেশ একটি বড় বৈশ্বিক দায়িত্ব পালন করছে, আমরা এখনও প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই উপায়ে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। এর জন্য অব্যাহত রাজনৈতিক সমর্থন এবং বৈশ্বিক অর্থায়ন প্রয়োজন। পাশাপাশি এই সংকটের মূল কারণগুলো সমাধান করা প্রয়োজন। কেননা এই সমস্যা মিয়ানমারে শুরু হয়েছিল এবং মিয়ানমারেই এর শেষ হতে হবে।"

কৃষি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, "কৃষি আমাদের অর্থনীতির কেন্দ্রবিন্দু। আমরা প্রযুক্তি, সেচ, অর্থায়ন এবং বাজারে কৃষকদের প্রবেশাধিকার উন্নত করছি। আমরা মৎস্য, গবাদি পশু এবং গ্রামীণ উদ্যোগগুলোকে সহায়তা দিচ্ছি। খাদ্য নিরাপত্তাকে অবশ্যই কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি শিল্পের পরিপূরক হতে হবে। কারণ আমি বিশ্বাস করি, একটি শক্তিশালী গ্রামীণ অর্থনীতি মানেই একটি শক্তিশালী বাংলাদেশ।"

তিনি আরও বলেন, "পানি নিরাপত্তাও সমানভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খনন করার পরিকল্পনা করেছি। পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য আমরা পদ্মা ব্যারাজ প্রকল্প এগিয়ে নিচ্ছি। আমরা একটি তিস্তা মহাপরিকল্পনা তৈরি করছি। এসব পদক্ষেপ কৃষিকে সহায়তা করবে এবং জলবায়ু সহনশীলতা গড়ে তুলবে।"

প্রধানমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা পুনরুল্লেখ করে বলেন, "আমাদের পরিবেশগত লক্ষ্যগুলো সুনির্দিষ্ট। আমরা আগামী পাঁচ বছরে ২৫ কোটি (২৫০ মিলিয়ন) গাছ লাগাব। আমরা সৌরশক্তির সম্প্রসারণ করছি। বাংলাদেশ বর্জ্য পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং পরিবেশবান্ধব (সবুজ) কারখানাকে উৎসাহিত করছে, যেখানে বিশ্বের শীর্ষ ১০০টি লিড-সার্টিফাইড কারখানার মধ্যে ৫৩টিই আমাদের। পরিচ্ছন্ন ও সবুজ শহরগুলো বর্জ্য কমাতে, জলবায়ু সহনশীলতা বাড়াতে এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে।"

আরও পড়ুন: জনগণ ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে: বিক্ষোভে বক্তাদের অঙ্গীকার

‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) সভাপতি জিল্লুর রহমান ও নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী আরও বক্তব্য রাখেন।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা, ৩০০ জন প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত রয়েছেন। এতে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক ও তরুণ নেতৃত্ব অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন আগামী ৫ অক্টোবর শেষ হবে।

আরও পড়ুন: গোপালগঞ্জে তিন থানার ওসি বদলি, আইনশৃঙ্খলা রক্ষার উদ্যোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজায় সর্বোচ্চ ছুটি কলেজে, সবচেয়ে কম মাদরাসায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৫ এম


দুর্গাপূজায় সর্বোচ্চ ছুটি কলেজে, সবচেয়ে কম মাদরাসায়

আসন্ন দুর্গাপূজার সময় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে, শিক্ষার স্তর এবং প্রতিষ্ঠান অনুযায়ী ছুটির মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। এবারের পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ার ফলে কিছু প্রতিষ্ঠানে ছুটি দীর্ঘ হয়েছে। এবারে পূজার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিন থেকে সর্বাধিক ১৪ দিন পর্যন্ত ছুটি পাওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে, স্কুলে ১০ দিন, কলেজে ১৪ দিন এবং মাদরাসায় ৫ দিনের ছুটি পাওয়া যাবে।

মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, সরকারি ছুটি ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৫ দিন থাকবে। এর আগে ও পরে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি থাকবে। দুর্গাপূজার সময় স্কুলে ৯ দিনের ছুটি থাকবে। এদিকে, এই ছুটির সঙ্গে ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হবে। ফলে মোট ১০ দিনের ছুটি (১৬ থেকে ২৫ অক্টোবর) পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

কলেজ ও উচ্চ মাধ্যমিক স্তর

মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে, আগের এবং পরের দুটি সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি হিসাব করলে কলেজগুলোতে ছুটির সময়সীমা ১৪ দিন হবে।

মাদরাসা

মাদরাসায় পূজার ছুটি মাত্র ৩ দিন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিন ছুটি থাকবে। তবে, এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। তাই মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ৫ দিনের ছুটি পাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৭ এম


নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই

নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে শুক্রবার দুপুরে বাবা আব্দুল মান্নান ও ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার সাব্বির উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান বাবা আব্দুল মান্নান। পরে তাকেও গ্রেপ্তার করা হয়। তবে পরিবারের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৬ এম


বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সরকারের উদ্দেশ্যে মন্তব্য করেছেন যে, "আপনারা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর নতুন চিন্তা করতেছেন।" তিনি অনুরোধ করেছেন, "বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না।" মামুনুল হক সতর্ক করেছেন যে, যদি সরকার হাইকোর্ট দেখানোর চেষ্টা করে, তবে বাঙালি রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে।

সরকারের প্রতি তিনি বলেন, "আপনারা শেখ হাসিনার মতো প্রতাপশালী জালিম স্বৈরাচারী হতে পারবেন না।" তিনি উল্লেখ করেন যে, শেখ হাসিনাকে তার বিদেশি প্রভুরা টিকিয়ে রাখতে পারে নাই।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে কার্যকর পদক্ষেপ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছিল।

মামুনুল হক মন্তব্য করেন, "রাড্ডা কাণ্ডের দায় শুধুমাত্র একজন নারী সংসদ সদস্যের নয়; সব দায় প্রধানমন্ত্রীকে বহন করতে হবে।" তিনি সরকারের দলীয় ফোরামকে নিয়ন্ত্রণের আহ্বান জানান। গণভোটের গণরায় কার্যকর করার জন্য জনগণের কাছে জবাবদিহির ব্যবস্থা করার কথাও বলেন। তিনি সিন্ডিকেট প্রথা বাতিলের এবং দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, "আমরা রাজপথে নামতে ৬ মাস সময় নিয়েছি।" তিনি উল্লেখ করেন, "আপনারা গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে গাদ্দারি করতে ৬ মিনিট সময় বিলম্ব করেননি।" সংসদ সদস্যের শপথ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, "কারণ সংসদ সদস্যের শপথ নিলে সরকার গঠন করা যায়, মন্ত্রী হওয়া যায়।" তিনি অভিযোগ করেন যে, চেয়ারে ভাগ-ভাটোয়ারা ও চাঁদাবাজি শুরু হয়ে গেছে।

তিনি আরও বলেন, "একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে দেশজুড়ে দুটি ভোট হয়েছে।" তিনি অভিযোগ করেন যে, "এক ভোটে আপনারা ইঞ্জিনিয়ারিং করে আমাদের নিশ্চিত আসনের বিজয় ছিনিয়ে নিয়েছেন।" মামুনুল হক বলেন, "বাংলাদেশের মানুষ তা সাক্ষী।" তিনি জানান যে, "আমরা সংসদে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলব, সেজন্য আমাদের নিশ্চিত বিজয় ছিনতাই করে নিয়েছেন।" তিনি সব সহ্য করার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মামুনুর রশীদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী এবং নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি খন্দকার আনোয়ার হোসেন।

থানা সভাপতি মাওলানা হাশমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব, নির্বাহী সদস্য মাওলানা সাকিব সাইফী, নারায়ণগঞ্জ মহানগর যুব মজলিসের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, মহানগর ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি কারী ওমর ফারুক এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফেরদাউস বিন হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন কোস্ট গার্ডের হাতে কিউবায় জ্বালানি নিয়ে আসা জাহাজ আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ এম


মার্কিন কোস্ট গার্ডের হাতে কিউবায় জ্বালানি নিয়ে আসা জাহাজ আটক

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : শুক্রবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানায়, জানুয়ারিতে কিউবার ওপর আরোপিত মার্কিন তেল অবরোধ লঙ্ঘন করে সেখানে জ্বালানি নেওয়া একটি জাহাজ আটক করা হয়েছে।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি’র খবর প্রকাশিত হয়েছে।

কোস্ট গার্ডের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, সেপ্টেম্বরের প্রথম দিকে ক্যারিবীয় সাগরে ‘এম ভি গ্রেস’ নামের জাহাজটিতে একটি বিশেষ দল তল্লাশি পরিচালনা করে। তখন জাহাজটি কিউবার দিকে যাচ্ছিল এবং এতে জ্বালানি বোঝাই ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, জাহাজটি এমন কিছু কৌশল গ্রহণ করছিল, যা সাধারণত ‘ডার্ক ফ্লিট’ বা গোপনভাবে পরিচালিত জাহাজগুলোর ক্ষেত্রে দেখা যায়। এই ধরনের জাহাজ সাধারণত নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পরিবহনের সময় পণ্যের উৎস, মালিকানা ও গন্তব্য গোপন রাখে।

পরে ‘গ্রেস’কে মেক্সিকোর পূর্বাঞ্চলের প্রগ্রেসো বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে মেক্সিকোর নৌবাহিনী জাহাজটির ব্যালাস্ট ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানি থাকার বিষয়টি নিশ্চিত করে, যা মার্কিন কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, চলতি গ্রীষ্মের শুরুতে তারা ‘জাইরা প্রোভাইডার’ নামে আরেকটি জাহাজে তল্লাশি চালিয়ে সেটি আটক করে। ওই জাহাজটিতেও কিউবায় অবৈধভাবে জ্বালানি নেওয়া হচ্ছিল বলে মার্কিন কর্তৃপক্ষের দাবি।

২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর ওয়াশিংটন ও হাভানার সম্পর্ক আরও খারাপ হয়েছে। ট্রাম্প প্রশাসন কিউবার ওপর কঠোর চাপ সৃষ্টি করেছে।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে, ফ্লোরিডা থেকে মাত্র প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত কমিউনিস্ট শাসিত কিউবা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরনের হুমকি।

২০২৬ সালের জানুয়ারি থেকে ওয়াশিংটন কার্যত কিউবার ওপর তেল নিষেধাজ্ঞা বা অবরোধ কার্যকর করেছে। এর ফলে প্রায় ৯৪ লাখ মানুষের দেশ কিউবা গভীর অর্থনৈতিক ও জ্বালানি সংকটে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%