প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদক, অনলাইন জুয়া, সামাজিক অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, থানাকে দালালমুক্ত করা, আঞ্চলিক সড়কের যানজট নিরসন এবং স্কুল চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের আনাগোনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি ওসির কাছে অভিযোগ জানাতে পারেন, সে ব্যবস্থাও নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় রাজাপুর থানায় নিজের কার্যালয়ে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন ওসি হারুন-অর-রশিদ হাওলাদার। গত ১৫ নভেম্বর তিনি রাজাপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।
মতবিনিময় সভায় ওসি বলেন, ‘রাজাপুরে আমি নতুন হলেও পুলিশের চাকরিতে বিভিন্ন থানায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমার কাছে সাধারণ মানুষের প্রত্যাশাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশ জনগণের সেবক। তাই মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।’
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘মাদক একটি পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয়। রাজাপুরে মাদক ব্যবসায়ী ও মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধেও পুলিশ সক্রিয় ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবে না।’
থানাকে দালালমুক্ত করার বিষয়ে ওসি বলেন, ‘সাধারণ মানুষ থানায় আসবেন তাদের সমস্যা ও অভিযোগ নিয়ে। সেখানে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের প্রয়োজন নেই। কেউ যেন থানায় এসে দালালের খপ্পরে না পড়েন, সেটি নিশ্চিত করতে চাই। মানুষ সরাসরি আমার কক্ষে এসে তাদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। অভিযোগের ধরন অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে। পুলিশের কাছে সেবা পেতে কাউকে কোনো ব্যক্তির মাধ্যমে আসতে হবে না। সাধারণ মানুষের জন্য থানার দরজা সব সময় উন্মুক্ত থাকবে।’
রাজাপুরের আঞ্চলিক সড়কের যানজট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। যানজটের কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাতে অযথা যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সড়কে শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নেওয়া হবে।’
শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপত্তা প্রসঙ্গে ওসি আরও বলেন, ‘স্কুল-কলেজে যাতায়াতের সময় শিক্ষার্থীরা যেন নিরাপদ পরিবেশ পায়, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। স্কুলের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের অযথা আনাগোনা, মেয়েদের উত্ত্যক্ত করা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ বিষয়ে পুলিশি নজরদারি বাড়ানো হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও অভিভাবকদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নবাগত এই ওসি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের কোথায় কী সমস্যা রয়েছে, কোথায় অন্যায়-অনিয়ম হচ্ছে, তা গণমাধ্যমকর্মীদের লেখনীর মাধ্যমে সামনে আসে। পুলিশের একার পক্ষে সমাজের সব অপরাধ ও অসংগতি দূর করা সম্ভব নয়। এ জন্য সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। রাজাপুরের কোথাও মাদক, অনলাইন জুয়া, চুরি, ছিনতাই কিংবা কোনো ধরনের অপরাধের তথ্য থাকলে তা পুলিশকে জানাবেন। তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমি চাই রাজাপুর থানায় মানুষ সেবা নিতে এসে সন্তুষ্টি নিয়ে ফিরে যাবেন। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, আবার অপরাধীও যেন আইনের বাইরে থাকতে না পারেন। পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করাই হবে আমার অন্যতম লক্ষ্য। রাজাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি।’
মতবিনিময় সভায় রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খান, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সম্পাদক এনামুল হকসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা রাজাপুরের বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও জনসাধারণের পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন