০৪:০৬ এম
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামের এক যুবককে সন্দেহভাজন ভুয়া চিকিৎসক হিসেবে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাঁকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে নেওয়া হয় এবং সেখান থেকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে রাকিবকে আটক করা হয়।
ঢামেক হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, ‘হাসপাতালের জরুরি বিভাগে এক যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে সেখানে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নিজেকে ভুয়া চিকিত্সক হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন।’
আরও পড়ুন: জমি দখলের মামলায় দেড় বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামী আদালত থেকে পালালেন
তিনি আরও জানান, কর্তৃপক্ষের নির্দেশে রাকিব নামের ওই যুবককে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। রাকিবের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী। বর্তমানে তিনি ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করছেন।
রাকিবের দাবি, ‘অসুস্থ ভাইকে হাসপাতালে ভর্তি করাতে আমি ঢামেক হাসপাতালে এসেছিলাম। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক হিসেবে পরিচয় দিই। এর পরই আনসার সদস্যরা আমাকে আটক করেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জরুরি বিভাগ থেকে আটক করার পর আনসার সদস্যরা রাকিবকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: লালবাগে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন