১০:৩২ এম
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা সামলানো সশস্ত্র বাহিনীর ১৫০ জন কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে তাদের ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া আর্থিক সুবিধা দেওয়ার কথাও রয়েছে।
সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশটি অবিলম্বে কার্যকর করবে সশস্ত্র বাহিনী বিভাগ। একইসঙ্গে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রদল আটক করল ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে
নতুন আদেশের আওতায় সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জন অফিসার, যাঁরা অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্তকৃত (চাকরিচ্যুত) তাঁদের বিশেষ সুবিধা প্রদান করা হবে। এই কর্মকর্তাদেরকে তাঁদের যোগ্যতা অনুযায়ী স্বাভাবিক অবসর, ভূতাপেক্ষ পদোন্নতি এবং অকালীন (বাধ্যতামূলক) অবসর বা পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, নিয়ম অনুযায়ী তাঁদের বকেয়া বেতন-ভাতা, অন্যান্য আর্থিক সুবিধা এবং প্রয়োজন হলে বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়া হবে।
জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত তিন বাহিনীতে চাকরির ক্ষেত্রে বৈষম্য ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাহিনী সদর দপ্তর পৃথকভাবে পর্ষদ গঠন করে।
পরে ৩ মে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটি সংশ্লিষ্ট আবেদন, প্রস্তাব ও সুপারিশ বিস্তারিত পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ প্রদান করে। সেই সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির সুপারিশে বলা হয়েছে, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যায়ের শিকার হওয়া কর্মকর্তাদের মান-মর্যাদা এবং প্রাপ্য সুযোগ-সুবিধা পুনর্বহাল করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ, একাধিক বাসে আগুন; তিনজন গ্রেপ্তার
প্রজ্ঞাপন অনুযায়ী, জেনারেল আমিনুল করীমকে লেফটেন্যান্ট জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা হয়েছে। এছাড়া, অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী, রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান এবং এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ দেলোয়ার হোসেনসহ মোট ১৫০ কর্মকর্তাকে পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য প্রাপ্য আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিগত সরকারের আমলে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর ও স্বেচ্ছায় অবসরে যাওয়া বহু সামরিক কর্মকর্তা চাকরি পুনর্বহাল ও ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। এর আগে, অন্তর্বর্তী সরকার একই প্রক্রিয়ায় আরও ১৪১ জন বঞ্চিত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন