০১:৫৫ পি.এম
আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের আওতায় সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি এবং জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেড থেকে এলএনজি সংগ্রহ করা হবে।
শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ এবং ‘অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র পৃথক দুটি বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
অর্থ মন্ত্রণালয় থেকে রবিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদায় পালিত
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রতিষ্ঠানটি থেকে অতিরিক্ত এলএনজি সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। এই ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া বাজারদরের (জেকেএম) চেয়ে ০.১৭ মার্কিন ডলার কমে।
সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই বৈঠকে সরকার-টু-সরকার (জিটুজি) দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২০ ডিসেম্বর সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা এই কার্গোর দাম প্রতি এমএমবিটিইউ গ্যাসের জেকেএম বাজারদর থেকে ০.১০ মার্কিন ডলার কমে নির্ধারিত হয়েছে।
অন্যদিকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি ক্রয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাবটি উত্থাপন করে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সমর্থন, মিয়ানমারে গণহত্যার রায় উল্লেখ
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং জেরা গ্লোবাল মার্কেটসের মধ্যে স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং শর্তপত্রের খসড়া চূড়ান্ত করে তা স্বাক্ষরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন