০৪:৩২ পি.এম
রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের জন্য ব্যবহৃত ধারালো অস্ত্রের অবৈধ বিক্রি প্রতিরোধ করতে অভিযান চালিয়ে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। এই অভিযানের সময় তিন বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের নাম হল রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) এবং মো. রাজন (৩৪)।
শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীতে সংঘটিত ছিনতাইসহ অন্যান্য অপরাধে ধারালো অস্ত্র ব্যবহারের বিষয়টি সামনে রেখে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপি। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদের পরিকল্পনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে মোট ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল পিস্তলের আদলে তৈরি খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক।
আরও পড়ুন: ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, কিশোর গ্যাংয়ের নেতা বুলেট গ্রেফতার
অভিযানের সময় ওই তিন বিক্রেতাকে গ্রেফতার করা হয়। নিয়াজ মেহেদী আরও জানিয়েছেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অবৈধ অস্ত্রের বিক্রি ও ব্যবহার রোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন