প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন বছর আসার সাথে সাথে রাজধানীর ভাড়াটিয়াদের জন্য বাড়িভাড়া একটি নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বছরের পরিবর্তনে অনেক বাড়িওয়ালা ভাড়া বাড়ানোর নোটিশ প্রদান করেন। কিছু ভাড়াটিয়ার ভাড়া একবারে তিন হাজার টাকা বেড়ে যায়, আবার কারো ক্ষেত্রে তা আরও বেশি। অথচ আয় বাড়ছে না। ফলে বাড়তি ভাড়া সামলাতে অনেকেই বাসা ছাড়ছেন, আবার কেউ সংসারের অন্যান্য খরচ কমাচ্ছেন। কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে ঢাকায় বাড়িভাড়া প্রায় ৪০০ শতাংশ বেড়েছে। রাজধানীর ৫৭ শতাংশ ভাড়াটিয়া তাদের আয়ের প্রায় অর্ধেক ব্যয় করেন বাড়িভাড়ায়।
রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় পাঁচ বছর ধরে বসবাসকারী জিয়াউর রহমান রাসেল গত আগস্টে বাড়িওয়ালার কাছ থেকে নভেম্বর থেকে মাসিক ভাড়া তিন হাজার টাকা বাড়ানোর নোটিশ পান। এর আগে তার ভাড়া দুই দফায় ৫০০ টাকা করে বাড়ানো হয়েছিল। একটি বেসরকারি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা বেতনে চাকরি করা রাসেলের পক্ষে নতুন ভাড়া দেওয়া সম্ভব হয়নি। ফলে তিনি শেষ পর্যন্ত বাসা ছেড়ে অন্যত্র চলে যান।
পুরান ঢাকার পোস্তা এলাকার বাসিন্দা ওয়াশিউর রহমানও বাড়িভাড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন। তিনি কারখানার যন্ত্রপাতি মেরামতের কাজ করেন। কাজ কমে যাওয়ার কারণে তার আয়ও কমেছে। নতুন বছরে ভাড়া বাড়ানোর আশঙ্কায় সংসারের খরচ সামলানো নিয়ে তিনি উদ্বিগ্ন।
মোহাম্মদপুরের বাসিন্দা রবিন আহমেদের অবস্থাও একই। তিনি একটি বেসরকারি ব্যাংকে পাঁচ বছর ধরে চাকরি করছেন, কিন্তু গত দুই বছর ধরে তার বেতন ৪০ হাজার টাকায় অপরিবর্তিত রয়েছে। আগামী জানুয়ারি থেকে তার বাসাভাড়া তিন হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে চালের দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে এবং সন্তানের স্কুলের বেতন বেড়েছে দেড় হাজার টাকা। সব মিলিয়ে বাড়তি ব্যয় সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন।
ক্যাবের তথ্য অনুযায়ী, ঢাকার ১২ শতাংশ ভাড়াটিয়ার আয়ের প্রায় ৭৫ শতাংশ চলে যায় বাড়িভাড়ায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে গড়ে বাড়িভাড়া বেড়েছে ২৭ শতাংশ। ঢাকা বিভাগে বার্ষিক বাড়িভাড়া বৃদ্ধির হার ৫ দশমিক ৪৮ শতাংশ।
ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন মন্তব্য করেন, ২০০০ সালে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণীত হলেও এখন পর্যন্ত এর বিধিমালা প্রণয়ন ও আইন বাস্তবায়নের জন্য কার্যকর কর্তৃপক্ষ গঠন করা হয়নি। ফলে অনেক ক্ষেত্রে বাড়িওয়ালারা ইচ্ছামতো ভাড়া বাড়ান। ভাড়াটিয়াদের প্রতিকার পাওয়ার সুযোগও সীমিত। যদিও এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণে আদালতের নির্দেশনা রয়েছে, সেটি কার্যকর হয়নি। ভাড়াটিয়াদের গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলসহ বিভিন্ন খাতে বাড়তি খরচ বহন করতে হয়।
অন্যদিকে বাড়িওয়ালাদের দাবি, ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ব্যয় বেড়ে গেছে। তাদের মতে, আগে একটি ভবন রং করতে ১৫ হাজার টাকা খরচ হলেও এখন তা ২৮ হাজার টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া পানির পাম্প, লিফটের সার্ভিসিং এবং গ্যাস-বিদ্যুতের ব্যয়ও বেড়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন কালের কণ্ঠকে জানান, বাড়িভাড়া নিয়ে নাগরিকদের অভিযোগের বিষয়ে সিটি করপোরেশন সচেতন রয়েছে। ভাড়াটিয়ারা অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বিশেষজ্ঞদের মতে, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা এবং ভাড়া নির্ধারণে স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। অন্যথায় আয় না বাড়লেও ব্যয় বাড়ার চাপে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য রাজধানীতে বসবাস আরো কঠিন হয়ে উঠবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন