মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:০১ পি.এম
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ফলে ক্রিমিয়া উপদ্বীপ এবং রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে সংযোগকারী কৌশলগত ‘ক্রিমিয়া সেতু’ সহ ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি গুরুত্বপূর্ণ সেতু অচল হয়ে পড়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উভয় দেশই পরস্পরের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। এসব ছবিতে দেখা যায়, কার্চ সেতু নামে পরিচিত ক্রিমিয়া সেতুর একটি অংশ ভেঙে পানিতে পড়ে গেছে এবং সেতুর একটি পিলার ও সড়কের কিছু অংশ পানির নিচ থেকে বেরিয়ে রয়েছে।
এই সেতুটি ক্রেমলিনের মর্যাদার প্রতীক হিসেবে পরিচিত এবং ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়া নির্মাণ করেছিল। ২০১৮ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এর উদ্বোধন করেছিলেন। ক্রিমিয়ার মস্কো-সমর্থিত গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে জানিয়েছেন, সেতুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল স্থগিত করা হয়েছে। এর আগে রোববার (১৫ নভেম্বর) রাতের হামলায় সেতুটিতে দুজন নিহত হয়েছেন বলে তিনি জানান। সেতুটির ক্ষয়ক্ষতির মাত্রা পর্যালোচনার জন্য মঙ্গলবার (১৭ নভেম্বর) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে রুশ কর্তৃপক্ষ।
ক্রিমিয়া সেতুতে হামলার প্রতিক্রিয়ায় কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, রুশ হামলায় নিপ্রো নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ ‘নর্দার্ন’ এবং ‘সাউদার্ন’ সেতু দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিপ্রো নদীর ওপর থাকা আটটি সেতুর মাধ্যমে কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশের প্রায় ৩০ লাখ মানুষ যাতায়াত করেন। সেতু দুটি বন্ধ হওয়ার ফলে রাজধানীতে তীব্র যানজট ও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
সোমবার মধ্যরাতের ঠিক আগে কিয়েভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। মেয়র ক্লিটসকো জানান, হামলায় শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং পানি ও হিটিং ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। এছাড়া, ভূপৃষ্ঠের ওপর থাকা কিছু মেট্রোরেল সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় নাগরিকদের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, ইউক্রেনের চেরকাসি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরার জসিমউদদীন রোডে একটি বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছিল।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে, দুপুর ১টা ২৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আতর আলী জানিয়েছেন, হাসান ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরগামী পিপিবি পরিবহনের বাসের সুপারভাইজার (চেকার) ছিলেন। যাত্রী চেক করার পর তিনি বাস থেকে নেমে যান। এরপর ওই বাসের ধাক্কায় তিনি আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহত হাসান মাগুরার শালিখা উপজেলার বয়রা গ্রামের ছফদুর মোল্লার ছেলে। বর্তমানে তিনি মিরপুর ১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় স্ত্রীর সঙ্গে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। মিনারা আক্তার (৬৫) নামে ওই বৃদ্ধাকে ছেলে ও পুত্রবধূ মারধর করার পর মারা যান।
মঙ্গলবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছেন।
নিহত মিনারা আক্তার ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনারা আক্তার এবং তার মেয়ে শাহানা বেগমের সঙ্গে ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিনের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে কামরুল ও তার স্ত্রী নিলুফার মিনারাকে মারধর করেন।
রাত সোয়া ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন মিনারাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনেরা তাঁকে বাড়িতে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আবারও হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা জানান, মিনারার বাঁ চোখ আঘাতের কারণে ফুলে গিয়েছিল এবং তিনি চোখে দেখতে পারছিলেন না। তার উচ্চ রক্তচাপও ছিল। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট সম্প্রতি জেমস বন্ড সিরিজের নতুন সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর এই অভিনেতা তাঁর ইচ্ছার কথা জানান। এমনকি সিনেমাটির পরিচালক ডেনিস ভিলনভের কাছে নিজের আগ্রহের বার্তা পৌঁছানোর কথাও বলেন তিনি।
লস অ্যাঞ্জেলেসে নিজের আসন্ন সিনেমা ‘দ্য ফারদার মিস-অ্যাডভেঞ্চার্স অব ক্লিফ বুথ’-এর প্রিমিয়ারে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, পিটকে প্রশ্ন করা হয়, রবার্ট প্যাটিনসনের বিপরীতে জেমস বন্ড সিনেমায় অভিনয়ের সুযোগ পেলে কোন চরিত্র বেছে নেবেন? উত্তরে তিনি জানান, "বন্ডের খলনায়ক হতে পারলে তিনি আগ্রহী।" এ সময় পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে যোগাযোগ করার কথাও তিনি মজার ছলে উল্লেখ করেন।
নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নির্বাচন নিয়ে পিট ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁর মতে, প্যাটিনসন বরাবরই অভিনয়ের ক্ষেত্রে ভিন্নধর্মী ও আকর্ষণীয় চরিত্র বেছে নেন। তাই ০০৭-এর ভূমিকায় তাঁকে দেখার ধারণাটি অভিনেতার কাছে বেশ ভালো লেগেছে।
এর আগে ‘স্কাইফল’ সিনেমায় জেভিয়ার বারদেমের খলনায়ক চরিত্রে অভিনয়ের প্রশংসা করেন ব্র্যাড পিট। তিনি বলেন, চরিত্রটি দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন বারদেম, তাই তাঁর জায়গায় অভিনয় করা সহজ হবে না। তবে চ্যালেঞ্জটি নিতে তিনি প্রস্তুত বলে জানান।
উল্লেখ্য, ১৬ নভেম্বর নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে অ্যামাজন এমজিএম স্টুডিওস। ডেনিস ভিলনভের পরিচালনায় সিরিজটির ২৬তম সিনেমার চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। তবে নতুন সিনেমায় খলনায়কের চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে ব্র্যাড পিটের আগ্রহ প্রকাশ আপাতত তাঁর ব্যক্তিগত ইচ্ছার মধ্যেই সীমাবদ্ধ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক চলচ্চিত্রের দুনিয়ায় বাংলাদেশের সিনেমার সাফল্য আবারও প্রমাণিত হলো। আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার লাভ করেছে ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’। এই ছবির জন্য সেরা পরিচালনার বিভাগে বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা।
উৎসবটি ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয়। ১৫ নভেম্বর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ‘সাঁকোটা দুলছে’ ছবিটি উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করেছিল। সেখানে পরিচালনার স্বীকৃতি হিসেবে ছবিটি বিশেষ পুরস্কার পায়।
এই সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্ব পালন করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। ছবিটি গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন এবং মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত। গল্পে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার এবং বিভিন্ন সামাজিক বিধি-নিষেধের চিত্র তুলে ধরা হয়েছে। নারীদের নিজেদের পরিচয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাই সিনেমাটির মূল বিষয়বস্তু।
‘সাঁকোটা দুলছে’ চলচ্চিত্রটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। সিনেমাটির প্রযোজক মনোজ প্রামাণিক এবং সহযোগী প্রযোজক হিসেবে রয়েছেন ক্রিস্টোফ থোকে। এতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত এবং রবিউস সানি।
এছাড়া, চলতি বছর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রা শুরু করে সিনেমাটি। এরপর এটি পোল্যান্ড, মিসরসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
‘সাঁকোটা দুলছে’ আন্তর্জাতিক উৎসবের মঞ্চে একের পর এক স্বীকৃতি পাচ্ছে। আয়ারল্যান্ডের এই পুরস্কারসহ চলচ্চিত্রটি এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে তিনটি পুরস্কার অর্জন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ