০৩:১৫ পি.এম
কক্সবাজার শহরের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এসব বিস্ফোরণের শব্দে শহরের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তদের নিক্ষিপ্ত ককটেলের বিস্ফোরণে ত্রিপল আরসির অফিসের এক নিরাপত্তাকর্মী (দারোয়ান) আহত হয়েছেন। আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শহরের আন্তর্জাতিক সংস্থা আরআরআরসি (RRRC) ও আইওএমের (IOM) কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, সার্কিট হাউস এলাকা এবং বাণিজ্য মেলার প্রবেশপথসহ ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একের পর এক বিস্ফোরণের শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ত্রিপল আরসির অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। ককটেলটি অফিসের দারোয়ানের কক্ষের সামনে বিস্ফোরিত হলে সেখানে উপস্থিত এক নিরাপত্তাকর্মী আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল সম্ভব
এছাড়া সার্কিট হাউস এলাকা, সিভিল সার্জন কার্যালয়ের ফটক, বাণিজ্য মেলার প্রবেশপথের দক্ষিণ পাশে এবং আইওএম (IOM) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়সংলগ্ন এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
এদিকে এসব বিস্ফোরণের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ট্রাম্প গলফ কোর্স সংস্কারে বন্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন