প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুক্রবার তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপের সময় এই অঙ্গীকার ব্যক্ত করেন।
তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে যে, ফোনালাপে এরদোয়ান আঙ্কারার শান্তিমুখী কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেন।
এরদোয়ান বলেন, ‘আমাদের অঞ্চলের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা আমরা কখনোই সমর্থন করি না।’
ফোনালাপে দুই নেতা তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং অন্যান্য আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের আলোচনায় স্থান পায়।
এদিকে, তুরস্কভিত্তিক ‘গোল্ডেন গ্লোবাল ব্যাংক’ এবং এর দুটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পর এরদোয়ানের এই মন্তব্য সামনে এসেছে। ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে ইরানের হয়ে আর্থিক লেনদেনে সহায়তা করার অভিযোগে ব্যাংকটির ওপর এই নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। সূত্র:আনাদুলু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন