প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২৮ নভেম্বর ২০২৬ : চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। এ সময় পেটের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা বহনকারী এক নারী ও পুরুষকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ও রাতে অভিযান দুটি চালানোর তথ্য এসআরবি-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংস্থাটির দাবি, উদ্ধার করা ২১ হাজার ৯০০ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা।
আটককৃতদের নাম সালমা বেগম (৫০) এবং মো. তারেক (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কক্সবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় ইয়াবার একটি চালান চট্টগ্রামের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলার জলুয়ার দিঘির পাড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে এসআরবির একটি দল। এ সময় নম্বরপ্লেটবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে সালমা বেগম (৫০) ও মো. তারেক (২৭) নামের দুজনকে আটক করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানান, তার সঙ্গে থাকা নারী যাত্রী সালমা পেটের ভেতরে ইয়াবা বহন করছেন। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় সালমার পেটে ইয়াবা সদৃশ বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে স্বাভাবিক প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে তার পেট থেকে ৩৮টি স্বচ্ছ প্যাকেটে মোড়ানো ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।
অন্যদিকে একই দিন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজারের সামনে চেকপোস্ট বসায় এসআরবি। এ সময় কক্সবাজার থেকে আসা একটি মোটরসাইকেলের চালক এসআরব’র উপস্থিতি টের পেয়ে না থেমে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান তিনি। পরে মোটরসাইকেলের সিটের কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, আটক দুজন, উদ্ধার করা ইয়াবা এবং জব্দ করা মোটরসাইকেল সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন