০৯:৪৪ এম
শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে টানা তৃতীয় বছরের জন্য দখলদার ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ঘটনা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, যেখানে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।
বার্তা সংস্থা আনাদোলুর খবরে উল্লেখ করা হয়েছে, প্রকাশের অপেক্ষায় থাকা জাতিসংঘের একটি প্রতিবেদন তাদের হাতে এসেছে। ২০২৫ সালের তথ্যভিত্তিক ওই প্রতিবেদনে ধরা পড়েছে যে, শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এই বছর নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ২০২৫ সালে ২৪ হাজার ১৭৪ জন শিশুর বিরুদ্ধে মোট ৩৮ হাজার ৫৫৮টি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। আক্রান্ত শিশুদের মধ্যে ১৫ হাজার ৪৯৩ জন ছেলে, ৭ হাজার ৯৯০ জন মেয়ে এবং ৬৯১ জনের লিঙ্গ শনাক্ত করা সম্ভাব হয়নি।
জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ৩০ বছরের ইতিহাসে এই প্রথম শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের জন্য সরকারি বাহিনীগুলোকে সবচেয়ে বেশি দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সরকারি বাহিনীগুলোর মধ্যে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনায় শীর্ষ অবস্থানে রয়েছে ইসরায়েলি সরকার এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ জন
প্রতিবেদনে আরও প্রকাশিত হয়েছে যে, আগের বছরের তুলনায় শিশু নিহত হওয়ার ঘটনা ৩৪ শতাংশ এবং আহত হওয়ার ঘটনা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যাচাইকৃত গুরুতর লঙ্ঘনের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে, যেখানে ঘটনার সংখ্যা ১২ হাজার ৪৪৫। অন্যদিকে, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ৪ হাজার ১১৪টি, নাইজেরিয়ায় ২ হাজার ৫৬০টি, মিয়ানমারে ২ হাজার ২০৩টি এবং সোমালিয়ায় ২ হাজার ১৯৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ২৬৬ শিশু নিহত হয়েছে, ৭ হাজার ৯৫৮ জন আহত হয়েছে, ৬ হাজার ৬০৭ জনকে সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ করা হয়েছে, ৮ হাজার ৩২২ জন মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছে এবং ৪ হাজার ৫৭৩ জন শিশুকে অপহরণ করা হয়েছে।
প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ব্যাপকতা তাকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি জানিয়েছেন, গাজা উপত্যকায় চলমান গুরুতর লঙ্ঘনের ঘটনায় তিনি স্তম্ভিত এবং পাশাপাশি পূর্ব জেরুজালেমসহ পশ্চিম জেরে ক্রমবর্ধমান সহিংসতা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।
গুতেরেস আরও উল্লেখ করেছেন, ইসরায়েলি দখলদারদের হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। একইসঙ্গে এসব লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির অভাব নিয়ে তিনি সমালোচনা করেছেন।
আরও পড়ুন: অর্থসংকটে বন্ধ বিশ্বভ্রমণ, সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘ওডিসি’
সূত্র: আনাদোলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন