১০:২২ এম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রতি সমর্থন দেওয়া হলেও, নিউ ইয়র্ক সিটি প্রশাসনের হাতে সেটি কার্যকর করার ক্ষমতা নেই বলে জানান শহরের মেয়র জোহরান মামদানি।
আল-জাজিরার খবরে পাওয়া তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় মামদানি এ বক্তব্য দেন।
ভিডিওতে তিনি নেতানিয়াহুকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি জানান, নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার আইন নিয়ে সিটি প্রশাসন গভীরভাবে পর্যালোচনা করেছে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
মামদানি বলেন, পর্যালোচনায় দেখা গেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন পরোয়ানা বাস্তবায়নের আইনি ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের রয়েছে। তাই নিউ ইয়র্ক সিটি প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়ে তা কার্যকর করার কোনো এখতিয়ার নেই।
আইনি সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি নেতানিয়াহুর বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন নিউ ইয়র্কের মেয়র। তিনি বলেন, "একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই—বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা অবাধে ঘুরে বেড়ানো অন্য কোনো যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না।"
এর আগে মামদানি জানিয়েছিলেন, নেতানিয়াহুকে গ্রেফতারের সম্ভাবনা তিনি বিবেচনা করছেন। সেই বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র সফরকালে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হবে না। ট্রাম্পের ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় মামদানির এই সর্বশেষ অবস্থান প্রকাশিত হলো।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের কথিত গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন