০১:৫৫ পি.এম
ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : ভিয়েতনামের আবাসিক এলাকায় রাতে হানা দিয়ে প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি করে জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। সোমবার পুলিশ এবং রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
হো চি মিন সিটিতে কথিত বিড়াল চোর চক্রের বিরুদ্ধে তদন্ত চলাকালীন লোম ছাড়ানোর মেশিন, বিড়াল ধরার ফাঁদ ও ওজন মাপার যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আরও পড়ুন: রাশিয়ার নতুন ড্রোন ‘কেইউবি-১০এমই’ ইউক্রেনে আতঙ্ক সৃষ্টি করছে
ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বৈধ। দেশটির অনেক রেস্তোরাঁয় প্রকাশ্যে এসব মাংসের বিজ্ঞাপন দেওয়া হয়। তবে বিক্রেতাদের পশুগুলোর উৎসের সনদ সংগ্রহ করতে হয়।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চুরি করা বিড়াল রেস্তোরাঁয় প্রতি কেজি অন্তত ৭০ হাজার ডং (২ দশমিক ৭০ ডলার) দরে বিক্রি হয়ে থাকে।
পুলিশ এক বিবৃতিতে জানায়, চুরির অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা ‘বিভিন্ন ধরণের প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি ও পাচারের’ কথা স্বীকার করেছে।
রোববার তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন: জাপানে ভারী তুষারপাতে ১৫০০ মানুষ আটকা, ৭০০ পরিবার বিদ্যুৎহীন
চলতি বছরের শুরুতে হো চি মিন সিটির পুলিশ পৃথক দুটি বিড়াল চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন