প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের চ্যালেঞ্জগুলো নিজেদের চোখে দেখলেন সংসদ সদস্য ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। কিছু সদস্য হুইলচেয়ারে বসে চলাচলের প্রতিবন্ধকতা অনুভব করেন, আবার কেউ মাস্ক পরে সাদাছড়ি হাতে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারের অভিজ্ঞতা গ্রহণ করেন। অন্যদিকে, কিছু সদস্য ক্রাচ ব্যবহার করে ভোটকেন্দ্রে প্রবেশ ও চলাচলের প্রতিবন্ধকতা বোঝার চেষ্টা করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) আয়োজিত একটি অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে এসব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
‘এক্সপেরিয়েন্সিং ইলেকশন অ্যাকসেসিবিলিটি চ্যালেঞ্জেস : ইমপ্যাথেটিক ইলেকটোরাল পার্টিসিপেশন’ শীর্ষক এই অনুষ্ঠানে সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম, নেওয়াজ হালিমা ও সেলিনা সুলতানা নিশীতা উপস্থিত ছিলেন। এছাড়া, ইপিডির প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস. উইবাওয়া, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, পরিচালক মো. আব্দুল মমিন সরকার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. আতিয়ার রহমান এবং সহকারী পরিচালক মুহাঃ সরওয়ার হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।
ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বাস্তবায়িত ‘প্রোমোটিং ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ প্রকল্পের আওতায় এই কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বি-স্ক্যানের নির্বাহী পরিচালক সালমা মাহবুব।
বক্তারা বলেন, নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে শুধু ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করলেই হবে না; বরং তাদের স্বাধীন, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য ভোটকেন্দ্রের অবকাঠামো, ভোটদান পদ্ধতি এবং তথ্য ও যোগাযোগব্যবস্থাকে প্রতিবন্ধীবান্ধব করার পাশাপাশি নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ভোটকেন্দ্রের পরিবেশে প্রতিবন্ধী ভোটারদের বাস্তব অভিজ্ঞতা উপলব্ধির ব্যবহারিক অনুশীলন। নির্বাচিত ১২ জন অংশগ্রহণকারী সরাসরি বিভিন্ন অনুশীলনে অংশ নেন। তাদের মধ্যে কেউ চোখে মাস্ক পরে সাদাছড়ি ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারের অভিজ্ঞতা নেন। কেউ হুইলচেয়ার ও ক্রাচ ব্যবহার করে চলাচলের সীমাবদ্ধতা বোঝার চেষ্টা করেন। আবার কেউ শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের চ্যালেঞ্জ এবং হাতের সীমাবদ্ধতা রয়েছে এমন ব্যক্তিদের ভোটদানের অভিজ্ঞতা অনুশীলন করেন। অনুশীলন শেষে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
তারা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি ভোটকেন্দ্র কতটা উপযোগী, তা বুঝতে এ ধরনের অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী অধিকার বিষয়ে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াবে। পাশাপাশি সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রতিবন্ধীবান্ধব নির্বাচনী পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন