০২:২৩ পি.এম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জুলাইয়ের আন্দোলন ও চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন করে দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "জুলাই আন্দোলনে আমাদের তরুণরা রক্ত দিয়েছেন, তাদের সেই আত্মত্যাগের ঋণ শোধ করার মতো নয়।" তরুণদের প্রত্যাশা পূরণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন নতুন দেশ গঠনে তাদের অবদান অপরিহার্য।
শনিবার (১০ অক্টোবর) কক্সবাজারের হিলটপ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্য সচিব মাহবুবা ফারজানা জানান, সাংবাদিকদের কল্যাণে ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ উন্নয়নে সরকার ইতোমধ্যে একাধিক কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি জানান, স্থানীয় সাংবাদিকদের কাজের সুবিধা ও দ্রুত তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে কক্সবাজারে খুব দ্রুত একটি আধুনিক ‘তথ্য কমপ্লেক্স’ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এটি বাস্তবায়িত হলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ইতিবাচক প্রভাব ফেলবে।
আরও পড়ুন: গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম
সারাদেশে অপতথ্য ও গুজব ছড়ানো বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে সচিব বলেন, অপতথ্য ও ভুল তথ্যের বিস্তার রোধে প্রচলিত সাইবার আইনের প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে। তিনি বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ ও সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা তথ্য কর্মকর্তা আব্দুস সাত্তার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, প্রবীণ সাংবাদিক শামসুল হক শারেক, ইকরাম চৌধুরী টিপু, অ্যাডভোকেট আবু সিদ্দিক ওসমানী, মুরশেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, এম আর মাহবুব, মোয়াজ্জেম হোসেন শাকিল ও সুমনসহ স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন