০৮:০২ পি.এম
বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি পর্তুগালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচ হতে পারে—এমন আলোচনা ফুটবল অঙ্গনে চলছে। তবে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন যে, রোনালদোর মনোযোগ এখন একেবারে আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে।
মার্টিনেজের মতে, ৪১ বছর বয়সেও রোনালদো জাতীয় দলের জন্য একইরকমভাবে নিবেদিত রয়েছে। দলের অধিনায়ক প্রতিদিনই চিন্তা করেন কীভাবে দলের পারফরম্যান্সকে আরও ভালো করে তোলা যায়। ভবিষ্যৎ বা অবসর নিয়ে নয়, পুরো দলটাই এখন নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্যে কাজ করছে।
রোনালদোর প্রশংসা করে মার্টিনেজ বলেন, ‘আমাদের অধিনায়ক (রোনালদো) নিজের সবটুকু উজার করে দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ২৪ ঘণ্টাই জাতীয় দলকে নিয়ে ভাবছেন, কীভাবে দলের জন্য সহায়ক হতে পারেন। আমাদের অধিনায়ক এবং বাকি খেলোয়াড়রা কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন না। আমরা জানি না ভবিষ্যতে কী ঘটবে। আমাদের দৃষ্টি ট্রেনিংয়ে, সেরা হওয়া নিয়ে।'
আরও পড়ুন: সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী
পর্তুগালের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিত রোনালদো এখনও জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কোচ স্পষ্টভাবে জানিয়েছেন যে, তাকে দলে রাখা হয়েছে অতীতের সাফল্যের জন্য নয়, বরং বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে।
আসন্ন বিশ্বকাপ হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। বয়স বাড়লেও গোল করার ক্ষমতা কমেনি। মার্টিনেজের অধীনে ৩০ ম্যাচে ২৫ গোল করে রোনালদো এখনও দলের সবচেয়ে নির্ভরযোগ্য আক্রমণভাগের খেলোয়াড়দের একজন।
এদিকে, পর্তুগাল এবারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। দেশের প্রেসিডেন্টও দলকে কাঙ্ক্ষিত ট্রফি ঘরে তোলার আহ্বান জানিয়েছেন। সেই স্বপ্ন পূরণের অভিযানে সবচেয়ে বড় ভরসার নাম এখনও ক্রিস্টিয়ানো রোনালদো।
আরও পড়ুন: ‘স্থানীয় উৎপাদনই বাংলাদেশের অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন