০৩:৪৬ পি.এম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণের বর্তমান অবস্থা এবং প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার জন্য রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের (Rosatom) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরটি ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। সফরের সময় প্রকল্প এলাকার মধ্যে একাধিক কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে রোসাটমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাশিয়ার দূতাবাসের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রোসাটমের পারমাণবিক বিদ্যুৎবিষয়ক প্রথম উপমহাপরিচালক এবং রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভ। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশগ্রহণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: দিনাজপুরে তাপমাত্রা ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা ১৯-২০ নভেম্বর
বৈঠকে রূপপুর প্রকল্পের নির্মাণকাজের সর্বশেষ পরিস্থিতি, বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি এবং আগামী দিনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, প্রকল্পের কাজকে এগিয়ে নিতে দুই পক্ষের প্রয়োজনীয় যৌথ পদক্ষেপ নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।
রাশিয়ার দূতাবাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দুই পক্ষের আলোচনা গঠনমূলক এবং আন্তরিক সহযোগিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এই কেন্দ্রে রাশিয়ার প্রযুক্তিতে দুটি ইউনিট স্থাপন করা হচ্ছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট, এবং দুই ইউনিট মিলিয়ে মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
আরও পড়ুন: সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাকচাপায় দলিল লেখকসহ দুই পথচারী নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন