০১:৩১ এম
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এলজিইডিকে ক্যাডারভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে এবং ক্যাডারভুক্তির কার্যক্রম অনেক দূর এগিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, মুখ্য সচিবের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়া গেছে। ইতোমধ্যে প্রি-একনেক সভায় ক্যাডারভুক্তির প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদনও পেয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডি সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ
অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ, পররাষ্ট্র, ভ্যাট বা অন্য ক্যাডারে চলে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রকৌশলীদের মেধা ও যোগ্যতা দিয়ে পড়াশোনা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে।
তিনি নবীন প্রকৌশলীদের মধ্যে নারীদের সংখ্যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। নবীন প্রকৌশলীদের দায়িত্বের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলজিইডির মাধ্যমে সারা দেশে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। কোন পক্ষ যেন প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ হাসিল করতে না পারে।
তিনি আরও বলেন, ৯০ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ পাইপলাইনে রয়েছে। আগামী তিন বা চার বছরব্যাপী মাঠ পর্যায়ে বাস্তবায়নে এই অর্থ ব্যয় হবে। প্রকৌশলীদের আরো দায়িত্বশীল হতে হবে এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে।
আরও পড়ুন: ভারতের জন্য বোঝা হাসিনা: সারজিস আলম
তিনি জনগণের অর্থে নির্মিত অবকাঠামোগুলো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। নির্মাণকাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের সাথে পেশাদার সম্পর্ক বজায় রেখে নবনিযুক্ত প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আপনারা যোগ্যতা প্রমাণ করে দেশের অন্যতম বৃহৎ এই সংস্থায় যোগ দিয়েছেন।
এলজিইডির মাধ্যমে সরাসরি মানুষের কল্যাণে কাজ করার এবং জনসেবা করার প্রচুর সুযোগ রয়েছে। বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সঙ্গতি রেখে মিতব্যয়ী মনোভাব নিয়ে মাঠপর্যায়ের উন্নয়ন কাজ পরিচালনা করতে হবে।’
এ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে এলজিইডি আয়োজিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় পোশাকশিল্পে সহিংসতার ঘটনায় ৫ শ্রমিক নেতা গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন