প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আদালতের রায় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে ৬৩ জন পদোন্নতিপ্রাপ্ত কানুনগোকে ২০১৬ সালের ১৭ নভেম্বর থেকে ধারণাগত জ্যেষ্ঠতা প্রদান করেছে ভূমি মন্ত্রণালয়।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকায় দায়ের করা এ.টি. মামলা নম্বর ৯১/২০২১-এর ২০ মার্চ ২০২৩ তারিখের রায়, এ.টি. আপিল মামলা নম্বর ৪৭৫/২০২৩-এর ১০ জানুয়ারি ২০২৪ তারিখের রায়, হাইকোর্ট বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলা নম্বর ৩০৪৭/২০২৪-এর ১১ জানুয়ারি ২০২৬ তারিখের রায় এবং বাস্তবায়ন মামলা নম্বর ০৪/২০২৪-এর ১৬ জুলাই ২০২৬ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মতামতও বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের ১১ ডিসেম্বর ২০১৯ তারিখের পূর্ববর্তী প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত সার্ভেয়ারদের কানুনগো পদে পদোন্নতি ১৭ নভেম্বর ২০১৬ তারিখ থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই তারিখ থেকে ধারণাগত জ্যেষ্ঠতা লাভ করবেন।
তবে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এ জ্যেষ্ঠতার ভিত্তিতে বেতন নির্ধারণের সুবিধা ছাড়া অন্য কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রদান করা হবে না।
প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত কর্মকর্তাদের মধ্যে জাকির হুসাইন সরদার, মো. আবু সাইদ, মো. রেজাউল করিম, মো. আসলাম সরকার, এম এম শাহাদাৎ হোসেন, মো. নজরুল ইসলাম, মো. সোহেল মিয়া, মো. বাবুল আক্তার, মো. ফারুক আলম, মো. সেলিম হাওলাদার, মো. ফজলুর রহমান, মো. মতিউল ইসলাম, মো. মজিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, জালাল আহমেদসহ মোট ৬৩ জন ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, তালিকাভুক্তদের মধ্যে যারা ইতোমধ্যে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন, অবসর গ্রহণ করেছেন অথবা মৃত্যুবরণ করেছেন, তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। বর্তমানে কানুনগো পদে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য এ ধারণাগত জ্যেষ্ঠতা বিবেচিত হবে।
ভবিষ্যতে আদালতের কোনো মামলার নির্দেশনা অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা সংযোজনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন