প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রায়সাহেব বাড়িতে তখন রাতের নিস্তব্ধতা ভেঙে গেছে। ঢাকের তালের সঙ্গে সমন্বয় করে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ভক্তদের মুখে হরিনাম উচ্চারণ। কারো হাতে পূজার সামগ্রী রয়েছে, আবার কেউ রাস ঘুরিয়ে প্রার্থনায় মগ্ন হয়ে আছেন।
সব মিলিয়ে হাজারো ভক্তের পদচারণায় মুখর পুরো এলাকা। এমন মুখরতায় রাস পূর্ণিমার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাস উৎসব শুরু হয় দিনাজপুর শহরের মুখর বাড়িটিতে।
বাড়িটিতে বিশেষভাবে প্রস্তুত রাধাগোবিন্দের বিগ্রহ স্থাপন করে ঘোরানো হয় রাস। পূর্ণতা ও পুণ্যলাভের আশায় এ সময় একে একে রাস ঘুরিয়ে প্রার্থনায় অংশ নেন ভক্তরা। বুধবার (২৫ নভেম্বর) রাতে শহরের গণেশতলায় অবস্থিত রায় সাহেব বাড়ির শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় এ উৎসবের।
রাস উৎসব ঘিরে মন্দির প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়। পূজা-অর্চনা ও আরতি চলতে থাকে বিকেল থেকেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভক্তদের উপস্থিতি। দূর-দূরান্ত থেকে শিশু-কিশোরসহ নানা বয়সী নারী-পুরুষ দলে দলে এসে ভিড় করে মন্দির প্রাঙ্গণে।
মন্দির কর্তৃপক্ষ সূত্র জানায়, রাস পূর্ণিমা ঘিরে মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। পূজা, আরতি, নামসংকীর্তন ও রাস ঘোরানোকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল উৎসবের আমেজ।
উৎসবে আসা দিথী গাঙ্গুলীর ভাষ্য, "প্রতিবছরই এখানে (রায় সাহেব বাড়ি) আসা হয়। রাস পূর্ণিমায় এখানে এসে পূজা দিতে পারলে মনে প্রশান্তি আসে। সংসার ও পরিবারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য এবং সবার মঙ্গল কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেছি।"
দিলীপ কুমার বলেন, ‘আমি ছোটবেলা থেকেই এই রাস উৎসব দেখে আসছি। আগে পরিবারের বড়দের সঙ্গে আসতাম, এখন নিজের সন্তানদের নিয়ে আসি। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে চাই।’
নবমিতা রায় বলেন, ‘প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। পরিবারের সদস্যদের নিয়ে মন্দিরে এসে পূজা দিয়ে থাকি এবং রাস ঘুরিয়ে ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করি।’
আয়োজক কমিটির আহ্বায়ক সুশীল চন্দ্র দাস বলেন, ৩২ বছর ধরে রায় সাহেব বাড়ি শ্রী শ্রী গিরীধারী জিউ মন্দির প্রাঙ্গণে এই রাস উৎসবের আয়োজন চলে আসছে। প্রতিবছর হাজারো ভক্তের অংশগ্রহণে এ উৎসব উদ্যাপন করা হয়। পূর্ণতা ও পুণ্যলাভের আশায় ভক্তরা রাস পূর্ণিমায় পূজা-অর্চনার মাধ্যমে প্রার্থনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন