০৫:২৫ পি.এম
দক্ষিণাঞ্চলের সাতটি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে আইটি কার্নিভাল ২০২৬-এর হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের দল। একই প্রতিযোগিতার আইটি কার্নিভাল ও প্রোগ্রামিং বিভাগে গোবিপ্রবির আরও দুটি দল দ্বিতীয় স্থান অর্জন করেছে।
গত ২৭ থেকে ২৯ আগস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদ ও সিএসই ক্লাবের যৌথ আয়োজনে হ্যাকাথন, প্রোগ্রামিং, আইসিটি কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ও সেমিনার অনুষ্ঠিত হয়।
হ্যাকাথনে কুয়েট, পবিপ্রবি, খুবি, ববি, ইবি ও যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে গোবিপ্রবির ‘GSTU_Neuroblitzzzz’ দল। দলের সদস্য নকিবুল হাসান মজুমদার তাসির ও রুহিন আরমান অমি। একই ইভেন্টে দ্বিতীয় হয়েছে ‘Zeni’n Clan’; দলের সদস্য কাজী মুশফিকুর রহমান ও ফারহান জামান অর্ক।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
এছাড়া ‘PSTU Inter University Programming Contest 2026 (South Zone)’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে গোবিপ্রবির ‘টিম ঝালমুড়ি’। দলের সদস্য মো. শামিম খন্দকার, মো. শাকিল আহমেদ ও সরোয়ার আযমীর আলিফ।
রবিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে বিজয়ী শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ সময় সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মৃণাল কান্তি বাওয়ালি উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের ও আনন্দের। প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় এ সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন: সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন