০৬:৫৯ পি.এম
শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ভিক্ষু ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্তা, ব্যক্তিগত আক্রমণ ও বিহার থেকে জোরপূর্বক উচ্ছেদের হুমকির বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সময় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ছয় দফা দাবি তুলে ধরেছেন।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনের প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিহারের ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকাবৃন্দ এবং রাজধানীতে বসবাসরত সচেতন বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। তাদের মধ্যে অন্যতম দাবি হলো, সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্তা এবং বিহার কমপ্লেক্স দখলের অপচেষ্টায় জড়িত তুষার কান্তি চাকমা ও তার সহযোগীদের শাক্যমুনি বৌদ্ধ বিহারে অবাঞ্ছিত ঘোষণা করা এবং যথাযথ শাস্তি নিশ্চিত করা।
আরও পড়ুন: বিএনপি অঙ্গীকার রক্ষা করলে জাতীয় ঐক্যের বিষয় নিয়ে ভাবা হবে: নাহিদ ইসলাম
সমাবেশ থেকে প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত তুষার কান্তি চাকমাকে ভিক্ষুসংঘ ও সংঘরাজের কাছে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে; ২০ নভেম্বর কঠিন চীবর দান অনুষ্ঠানে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তি দিতে হবে; ভবিষ্যতে ধর্মীয় অনুষ্ঠানে ব্যক্তিগত আক্রমণ ও বিশৃঙ্খলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে; প্রজ্ঞানন্দ মহাথেরোর সঙ্গে সংঘটিত ঘটনার যথাযথ ব্যাখ্যা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে; কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে ধর্মীয় অনুষ্ঠান ব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতাদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, গত ২০ নভেম্বর শাক্যমুনি বৌদ্ধ বিহারে ৩৮তম দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে তুষার কান্তি চাকমা নামের এক ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে নিজেকে পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক পরিচয় দেন। তবে বক্তারা দাবি করেন যে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের একটি পত্রের মাধ্যমে ওই সংঘের কমিটি স্থগিত রয়েছে।
বক্তারা অভিযোগ করেন, ওই সময় তুষার কান্তি চাকমা বিহারের প্রবীণ অধ্যক্ষ ও বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে নিয়ে অশালীন মন্তব্য করেন এবং তাকে বিহার থেকে জোরপূর্বক বের করে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত ভিক্ষু, দায়ক-দায়িকা ও সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা হতভম্ব হয়ে পড়েন।
বৌদ্ধ ভিক্ষুরা অভিযোগ করেন, তুষার কান্তি চাকমার নেতৃত্বে একটি চক্র কয়েক বছর ধরে শাক্যমুনি বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও এর ভেতরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ জোরপূর্বক দখলের চেষ্টা করছে। কঠিন চীবর দানানুষ্ঠানে বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্তা ও উচ্ছেদের হুমকির ঘটনা সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা বলে দাবি করেন তারা।
আরও পড়ুন: নিয়োগ-অর্থ আত্মসাৎ ও জাল সনদে ক্ষেপলেন মাদ্রাসা অধ্যক্ষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন