১২:০৯ পি.এম
বরিশালের উজিরপুর উপজেলায় সন্ত্রাসীরা কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদলকর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনা ঘটে শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায়।
নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওরাদারের পুত্র ছিলেন। তিনি পেশায় মটরবাইকচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদলকর্মী উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মাইক্রোবাস নিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত
জীবন রক্ষার্থে কাওসার ও রাশেদ আমিন ব্রিজের নিচে পানিতে লাফিয়ে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় অপর যুবদলকর্মী রাশেদ আমিনও গুরুতর আহত হন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন