ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রতিদিনের পুষ্টিতে ডিমের গুরুত্ব ও স্বাস্থ্য উপকারিতা


প্রতিদিনের পুষ্টিতে ডিমের গুরুত্ব ও স্বাস্থ্য উপকারিতা

একজন মায়ের ভূমিকা পরিবারের পুষ্টি ও সুস্থতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও খাদ্য নির্বাচন, রান্না এবং পরিবারের সদস্যদের পুষ্টিচাহিদার বিষয়টি তার বিবেচনায় রাখতে হয়। এই দায়িত্ব পালনের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও পুষ্টিকর খাদ্য হিসেবে ডিম একটি নির্ভরযোগ্য পছন্দ হতে পারে।

বাঙালি পরিবারের খাদ্যতালিকায় ডিম দীর্ঘদিন ধরে পরিচিত ও জনপ্রিয় একটি উপাদান। সকালের নাশতা, দুপুর বা রাতের খাবার, এমনকি বিভিন্ন নাশতা ও মিষ্টান্ন তৈরিতেও এর ব্যবহার দেখা যায়। পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহারের কারণে এটি অনেক পরিবারের দৈনন্দিন খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। ডিমে উচ্চমানের প্রোটিনের পাশাপাশি বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান বিদ্যমান, যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

ডিমকে সুষম খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়, কারণ তুলনামূলকভাবে কম খরচে এটি মূল্যবান পুষ্টি উপাদান সরবরাহ করে। বর্তমানে বাজারে ওমেগা-৩-সমৃদ্ধ ডিমও পাওয়া যাচ্ছে, যা ভোক্তাদের জন্য একটি অতিরিক্ত বিকল্প হিসেবে কাজ করছে।

আরও পড়ুন: পুরান ঢাকায় আজকের ভ্রমণ: শাহবাগ থেকে ঢাকেশ্বরী মন্দিরের সৌন্দর্য

শিশুদের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম। সুষম খাদ্যের অংশ হিসেবে ডিম শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও মেধা বিকাশে সহায়ক পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে। এ কারণে অনেক অভিভাবক সন্তানের নাশতা বা টিফিনে নিয়মিত ডিম অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। নারীদের জীবনের বিভিন্ন পর্যায়ে পর্যাপ্ত পুষ্টি গ্রহণের প্রয়োজনীয়তা আরো বেশি। কৈশোর, কর্মজীবন, গর্ভাবস্থা, মাতৃত্ব কিংবা মধ্যবয়স—প্রতিটি সময়ে শরীরের চাহিদা ভিন্ন হয়। বিশেষ করে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে পরিবারের সবার যত্ন নিতে গিয়ে অনেক নারী নিজের পুষ্টির বিষয়টি উপেক্ষা করেন। একজন সুস্থ মা একটি সুস্থ পরিবারের ভিত্তি। তাই নিজের খাদ্যাভ্যাসের প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পরিবারের প্রবীণ সদস্যদের জন্যও ডিম একটি উপকারী খাদ্য। এতে থাকা উচ্চমানের প্রোটিন দৈনন্দিন খাদ্যতালিকায় মূল্যবান সংযোজন হতে পারে। ডিমে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদান চোখ ও মস্তিষ্কের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে সহায়ক।

ডিমের একটি বিশেষত্ব হলো এর বহুমুখী ব্যবহার। সেদ্ধ ডিম, পোচ, অমলেট কিংবা ডিমভাজি ছাড়াও খিচুড়ি, স্যান্ডউইচ, সালাদ, নুডলস, কেক, পুডিংসহ বিভিন্ন ঐতিহ্যবাহী ও আধুনিক রেসিপিতে ডিম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ফলে এটি শুধু পুষ্টিকরই নয়, রান্নাঘরের অন্যতম বহুল ব্যবহৃত খাদ্যও।

তবে পুষ্টির পাশাপাশি খাদ্যের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। ডিম কেনার সময় খোলস পরিষ্কার ও অক্ষত আছে কি না, তা দেখে নেওয়া উচিত। ফাটা বা চিড়যুক্ত ডিম এড়িয়ে চলা ভালো। নির্ভরযোগ্য উৎস থেকে ডিম সংগ্রহ এবং সঠিকভাবে সংরক্ষণ করা নিরাপদ খাদ্য নিশ্চিত করার গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুন: বিড়ালের ‘মিউ মিউ’ ডাকা নিয়ে নতুন গবেষণায় মিলল তথ্য

শীতকালে খাদ্যতালিকায় ডিমের উপস্থিতি বাড়ে। এ সময় সেদ্ধ ডিম সহজেই পাওয়া যায়। সেদ্ধ ডিম বহন করা সহজ এবং দ্রুত খাওয়াও যায়। তাই কর্মস্থলে যাওয়ার পথে, ভ্রমণে, শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা দৈনন্দিন ব্যস্ততার মাঝে ক্ষুধা লাগলে একটি সেদ্ধ ডিম হতে পারে সহজ, সাশ্রয়ী ও পুষ্টিকর বিকল্প। বাইরে খাবার নির্বাচনের সময় সেদ্ধ ডিমকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

তবে যাদের ডিমে অ্যালার্জি রয়েছে বা কোনো বিশেষ স্বাস্থ্যগত কারণে নির্দিষ্ট খাদ্যবিধি অনুসরণ করতে হয়, তাদের ক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্য নির্বাচন করা উচিত।

পরিবারের প্রতি ভালোবাসা অনেক সময় প্রকাশ পায় ছোট ছোট যত্ন ও সচেতন সিদ্ধান্তের মাধ্যমে। প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করাও তেমনই একটি ইতিবাচক সিদ্ধান্ত। সহজলভ্য ও পুষ্টিকর এই খাদ্য শিশু, নারী, প্রবীণসহ পরিবারের বিভিন্ন সদস্যের সুষম খাদ্যাভ্যাসে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই এই শীতে সকালের নাশতা, সন্তানের টিফিন কিংবা চলার পথে খাবার নির্বাচনের ক্ষেত্রে ডিমকে গুরুত্ব দেওয়া যেতে পারে। কারণ একজন মায়ের হাতের ছোট্ট একটি সচেতন সিদ্ধান্তই হতে পারে পরিবারের সুস্থতা, পুষ্টি ও সুন্দর আগামী দিনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ।

লেখক: কনসালট্যান্ট, রেগুলেটরি অ্যাফেয়ার্স; গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেডে অ্যাডভাইজরি কনসালট্যান্ট

আরও পড়ুন: নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মারুফ মোল্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ কার্যক্রমে যুবলীগ নেতা পাপিয়া গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


নিষিদ্ধ কার্যক্রমে যুবলীগ নেতা পাপিয়া গ্রেফতার

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগের নড়াইল জেলা কমিটির দফতর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে পাপিয়া সুলতানাকে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবান্নের সাতটি আঞ্চলিক পিঠার উপকরণ ও প্রস্তুত প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


নবান্নের সাতটি আঞ্চলিক পিঠার উপকরণ ও প্রস্তুত প্রণালি

নবান্নের উৎসব মানে নতুন ধানের ঘ্রাণ, কৃষকের মুখে হাসি এবং বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ। বাংলার গ্রামাঞ্চলে নতুন চাল ঘরে ওঠার আনন্দকে কেন্দ্র করে শুরু হয় বিভিন্ন ধরনের পিঠা-পায়েস তৈরির আয়োজন। ভাপা ও চিতই পিঠার পরিচিত স্বাদের বাইরে অঞ্চলভেদে রয়েছে বৈচিত্র্যময় অনেক পদ। কোথাও বাঁশের ভেতরে চাল পুড়িয়ে প্রস্তুত করা হয় সুগন্ধি পিঠা, কোথাও দুধ ও গুড়ের মিশেলে তৈরি হয় রাজকীয় মিষ্টান্ন। আবার কোনো পিঠায় থাকে মসলাদার মাংসের পুর। নবান্নের উৎসবকে আরো আনন্দময় করে তুলতে বাংলার বিভিন্ন অঞ্চলের সাতটি ঐতিহ্যবাহী ও মুখরোচক পদের উপকরণ ও প্রস্তুতপ্রণালি তুলে ধরা হয়েছে।

আমানুর রহমান

সিলেটের চুঙ্গা পিঠা

বিন্নি চালের ঘ্রাণ ও ঢলু বাঁশের প্রাকৃতিক সুবাসে তৈরি চুঙ্গা পিঠা সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম। বিশেষ প্রস্তুত প্রণালির কারণে এই পিঠার স্বাদ ও আবেদন দুটোই আলাদা।

উপকরণ: নতুন বিন্নি চাল ২ কাপ, ঢলু বাঁশের চুঙ্গা ২-৩টি এবং কলাপাতা ও পানি পরিমাণমতো। পরিবেশনের জন্য খেজুরের গুড় বা ক্ষীর।

প্রস্তুত প্রণালি: বিন্নি চাল ধুয়ে দু-তিন ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। পরিষ্কার বাঁশের চুঙ্গার ভেতরে কলাপাতা বিছিয়ে তাতে চাল ও পরিমাণমতো পানি দিন। কলাপাতা দিয়ে চুঙ্গার মুখ শক্ত করে বন্ধ করুন। এরপর খড় বা কাঠের আগুনে চুঙ্গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ান, যাতে ভেতরের চাল সমানভাবে সেদ্ধ হয়। বাঁশের বাইরের অংশ পুড়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। চুঙ্গা চিরে পিঠা বের করে খেজুরের গুড় বা ক্ষীর দিয়ে পরিবেশন করুন।

বিক্রমপুরের বিবিখানা পিঠা

নতুন চালের গুঁড়া, ঘন দুধ, গুড় ও নারকেলের মিশেলে তৈরি বিবিখানা পিঠা বিক্রমপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন। নরম গড়ন ও সমৃদ্ধ স্বাদের কারণে এটি অনেকটা কেকের মতো। উৎসবের আয়োজনে এই পিঠা এনে দিতে পারে ভিন্ন মাত্রা।

উপকরণ: নতুন আতপ চালের গুঁড়া ২ কাপ, ঘন দুধ ১ কাপ, খেজুরের গুড় ১ কাপ, ডিম ২টি, ঘি আধা কাপ, নারকেল কোরা ১ কাপ ও এলাচের গুঁড়া সামান্য।

প্রস্তুত প্রণালি: দুধ ও গুড় জ্বাল দিয়ে ঠান্ডা করুন। অন্য একটি পাত্রে ডিম ও ঘি ভালোভাবে ফেটিয়ে তাতে দুধ-গুড়ের মিশ্রণ, চালের গুঁড়া এবং নারকেল ও এলাচের গুঁড়া মিশিয়ে ঘন গোলা তৈরি করুন। ঘি মাখানো একটি টিফিন বাটিতে মিশ্রণটি ঢেলে ঢাকনা লাগান। বড় হাঁড়িতে পানি ফুটিয়ে স্ট্যান্ডের ওপর বাটিটি বসিয়ে ৩০-৪০ মিনিট ভাপে সেদ্ধ করুন। ঠান্ডা হলে পিঠা বের করে টুকরা করে পরিবেশন করুন।

নোয়াখালীর খোলাজা পিঠা

পাতলা, নরম ও জালির মতো ছিদ্রযুক্ত খোলাজা পিঠা নোয়াখালীর একটি পরিচিত খাবার। হাঁসের মাংসের ঝোল, মাংসের ভুনা কিংবা ঝোলা খেজুরের গুড়ের সঙ্গে এই পিঠার স্বাদ আরো বেড়ে যায়।

উপকরণ: নতুন আতপ চালের গুঁড়া ২ কাপ, ডিম ২টি, কুসুম গরম পানি প্রয়োজনমতো এবং লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: চালের গুঁড়া ও লবণের সঙ্গে অল্প অল্প করে পানি মিশিয়ে পাতলা ও মসৃণ গোলা তৈরি করুন। এতে ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন যেন কোনো দানা না থাকে। মাটির খোলা বা ননস্টিক প্যান মাঝারি আঁচে ভালোভাবে গরম করুন। এবার এক হাতা গোলা ঢেলে প্যান ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে প্রায় ৩০ সেকেন্ড রাখুন। পিঠার ওপরের অংশ জমে এলে তুলে নিন। এভাবে বাকি গোলা দিয়ে পিঠা তৈরি করে পছন্দের তরকারি বা গুড়ের সঙ্গে পরিবেশন করুন।

কিশোরগঞ্জের ম্যারা পিঠা

মিষ্টি পিঠার একঘেয়েমি কাটাতে ঝাল স্বাদের ম্যারা পিঠা হতে পারে চমৎকার আয়োজন। চালের গুঁড়ার সেদ্ধ কাইয়ের সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতার মিশ্রণ পিঠাটিকে করে তোলে বেশ মুখরোচক।

উপকরণ: নতুন আতপ চালের গুঁড়া ২ কাপ, পানি ২ কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচামরিচকুচি ২ টেবিল চামচ, আদা-রসুনবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া সামান্য, ধনেপাতাকুচি ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: একটি পাত্রে পানি, লবণ, হলুদের গুঁড়া ও আদা-রসুন বাটা দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে শক্ত কাই তৈরি করুন। কিছুটা ঠান্ডা হলে এতে পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা মিশিয়ে ভালোভাবে মথে নিন। এবার হাতের তালুতে নিয়ে গোল বা লম্বাটে আকার দিন। ভাপে ১৫-২০ মিনিট সেদ্ধ করুন। শুঁটকি ভর্তা বা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

মাংসের ঝাল পুলি

মিষ্টি পুলির পাশাপাশি মাংসের পুর দিয়ে তৈরি ঝাল পুলিও নবান্নের আয়োজনে রাখতে পারেন। চালের গুঁড়ার নরম আবরণের ভেতরে মসলাদার মাংসের পুর এই পিঠাকে দেয় ভিন্ন স্বাদ ও বৈশিষ্ট্য।

উপকরণ: নতুন চালের গুঁড়া ২ কাপ, মুরগি বা গরুর মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, আদা-রসুনবাটা ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ এবং কাঁচামরিচকুচি, লবণ, পানি ও তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুনবাটা ও অন্যান্য মসলা দিয়ে কিমা ভালোভাবে কষিয়ে শুকনো পুর তৈরি করুন। অন্যদিকে ফুটন্ত লবণপানিতে চালের গুঁড়া দিয়ে নেড়ে ডো তৈরি করে ভালোভাবে মথে নিন। ছোট ছোট রুটি বেলে মাঝখানে মাংসের পুর দিয়ে পুলির মতো ভাঁজ করে মুখ বন্ধ করুন। এবার ডুবো তেলে সোনালি ও মচমচে করে ভাজুন। চাইলে ভাপে সেদ্ধ করেও পরিবেশন করতে পারেন।

কালিজিরার নলেন পায়েস

নতুন কালিজিরা চাল, ঘন দুধ ও খেজুরের নলেন গুড়ের মিশেলে তৈরি পায়েস নবান্নের ঐতিহ্যবাহী আয়োজনের অন্যতম আকর্ষণ। সুগন্ধি চালের স্বাদ ও গুড়ের মিষ্টতা এই পায়েসকে করে তোলে অনন্য।

উপকরণ: নতুন কালিজিরা বা গোবিন্দভোগ চাল আধা কাপ, তরল দুধ ২ লিটার, খেজুরের নলেন গুড় ১ কাপ, এলাচ ৩টি, দারুচিনি ১ টুকরা এবং কাজু-কিশমিশ সাজানোর জন্য।

প্রস্তুত প্রণালি: চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে হাত দিয়ে সামান্য ভেঙে নিন। দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন হলে চাল, এলাচ ও দারুচিনি দিন। মৃদু আঁচে নিয়মিত নাড়তে থাকুন, যাতে তলায় লেগে না যায়। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে দুধ ঘন হলে চুলা বন্ধ করুন। পায়েস কিছুটা ঠান্ডা হলে নলেন গুড় মিশিয়ে নেড়ে দিন। গরম দুধে গুড় মেশাবেন না, এতে দুধ ফেটে যেতে পারে। সবশেষে কাজু ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন।

নারকেল-তিলের নকশি পিঠা

ফুল-লতাপাতার নকশায় সাজানো নকশি পিঠা বাংলার গ্রামীণ লোকশিল্প ও খাদ্যসংস্কৃতির এক অনন্য নিদর্শন। চালের গুঁড়া, মুগ ডাল, নারকেল, তিল ও গুড়ের সমন্বয়ে তৈরি এই পিঠা স্বাদে যেমন আকর্ষণীয়, তেমনি দেখতেও নান্দনিক।

উপকরণ: নতুন আতপ চালের গুঁড়া ২ কাপ, সেদ্ধ মুগ ডালবাটা আধা কাপ, কোরানো নারকেল আধা কাপ, খেজুরের গুড় দেড় কাপ, ভাজা তিল ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ, পানি ও ভাজার জন্য তেল।

প্রস্তুত প্রণালি: ফুটন্ত পানিতে লবণ, ঘি ও মুগ ডালবাটা মিশিয়ে তাতে চালের গুঁড়া দিয়ে শক্ত ডো তৈরি করুন। ভালোভাবে মথে আধা ইঞ্চি পুরু করে বেলে নিন। এবার খেজুরের কাঁটা বা টুথপিক দিয়ে ফুল-লতাপাতার নকশা এঁকে পিঠা কেটে নিন। গরম তেলে হালকা সোনালি করে ভেজে তুলুন। অন্য পাত্রে গুড় ও সামান্য পানি জ্বাল দিয়ে ঘন সিরা তৈরি করুন। এতে নারকেল ও ভাজা তিল মিশিয়ে পিঠাগুলো ডুবিয়ে তুলে ঠান্ডা করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


আজ কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

আজ তারুণ্যের কবি এবং মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন। এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে আজ সন্ধ্যা ৬টায় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিভিন্ন সংগঠন ও প্রকাশনী সংস্থা একত্রে অংশগ্রহণ করবে।

আয়োজকদের মধ্যে জাতীয় কবিতা পরিষদ, পারফরমিং আর্ট সেন্টার, অন্যধারা, কণ্ঠস্বর প্রকাশনী, প্রতিবিম্ব প্রকাশ, মহাকাল এবং শব্দকুঠি সাহিত্য অঙ্গন অন্তর্ভুক্ত রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বারডেম কার্ডিয়াকের সাবেক নির্বাহী প্রধান অধ্যাপক ডা. এম. এ. রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বিশেষ অতিথি হিসেবে থাকবেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা কবি মতিন বৈরাগী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী, প্রকৌশলী মো. খালেকুজ্জামান, বিপণন ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

এ ছাড়া অনুষ্ঠানে কবি মনজুরুর রহমান, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ, অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ওয়াহিদা বানু, কবি আমিনুল ইসলাম, জাসাসের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন, কবি সৈয়দ শাহনুর এবং কবি আসাদ কাজল উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের আবৃত্তি ও সংগীত পর্বে দেশের খ্যাতিমান আবৃত্তিশিল্পী এবং সংগীতশিল্পীরা অংশগ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

সরকার দেশের নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে শিল্পাঞ্চল, বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয় এবং নৌবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করেছে।

প্রশাসন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর অবস্থান গ্রহণ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েনকৃত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

ঢাকা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সরকার বিরোধী আন্দোলনের সময় ১-২১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানায়, পুলিশ বক্স, হাসপাতাল, পরিবহন, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখা এবং সরকারি ও জনসেবামূলক স্থাপনাগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) কামারুম মুনিরা বাসসকে জানান, পুলিশ প্রশাসন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে। চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা ঠেকাতে শিল্পাঞ্চল, বিমানবন্দর, রেলস্টেশন, আদালত এবং নৌবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%