০৪:০১ পি.এম
ষড়ঋতুর দেশে অগ্রহায়ণ আসলে নতুন ধানের ঘ্রাণ, কৃষকদের মুখে হাসি এবং গ্রামবাংলায় উৎসবের আবহ সৃষ্টি করে। মাঠজুড়ে আমনের সোনালি শীষ, কৃষকদের ব্যস্ততা এবং ঘরে ঘরে নতুন চালের আয়োজন চলছে।
নবান্নের আনন্দে উত্তরের কৃষিপ্রধান জেলা ঠাকুরগাঁও মেতে ওঠে। এই জেলার মানুষের জীবন-জীবিকা, গ্রামীণ অর্থনীতি ও সামাজিক বাস্তবতার সঙ্গে কৃষির সম্পর্ক অত্যন্ত গভীর। তাই নবান্ন এখানে নতুন ফসল ঘরে তোলার উৎসবই নয়, বরং হাজারো কৃষক পরিবারের সারা বছরের পরিশ্রমের ফল পাওয়ার উপলক্ষও।
নবান্ন পুরো ঠাকুরগাঁওয়ের স্থানীয় অর্থনীতিকে সচল করার একটি অনুঘটক। এই সময়টির দিকে জেলার সব শ্রেণি-পেশার মানুষ তাকিয়ে থাকে।
আরও পড়ুন: পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে বর্তমানে আমন ধান কাটার মৌসুম চলছে। কোথাও ধান কাটা হচ্ছে, কোথাও আঁটি বাঁধা হচ্ছে; আবার কোথাও মাড়াই ও নতুন ধান বাড়িতে তোলার প্রস্তুতি চলছে। কৃষকদের উঠানে নতুন ধান জমতে শুরু করেছে। সেই সঙ্গে তাদের ব্যস্ততা বেড়েছে ধান মাড়াই, শুকানো ও সংরক্ষণের কাজে।
নতুন চালের ভাত, পিঠা-পুলি, পায়েস এবং আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের প্রস্তুতিও চলছে।
ঠাকুরগাঁওয়ের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষি। জেলার অধিকাংশ গ্রামীণ পরিবারের প্রত্যক্ষ বা পরোক্ষ আয়ের সঙ্গে কৃষিকাজ জড়িত। ধান, গম, ভুট্টা, আলু, বিভিন্ন ধরনের সবজি ও অন্যান্য ফসল উৎপাদনের মাধ্যমে এখানকার অর্থনীতির চাকা সচল থাকে।
আমন ধান ঘরে উঠলে কৃষকের হাতে নগদ অর্থ আসে। বছরের বিভিন্ন সময়ে নেওয়া ঋণ পরিশোধ, পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা, সন্তানদের পড়াশোনার খরচ এবং পরের মৌসুমে চাষাবাদের প্রস্তুতিতে নতুন ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন: মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে প্রায় এক লাখ ৩৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ছয় লাখ ৪৪ হাজার ৫৭৪ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ধান থেকে চাল উৎপাদনের সম্ভাব্য পরিমাণ প্রায় চার লাখ ২৯ হাজার ৭১৬ মেট্রিক টন।
জেলা সদরের আকচা এলাকার কৃষক সোহেল রানা জানান, তিনি এবারে ছয় বিঘা জমিতে আমন আবাদ করেছিলেন। এখন হাতে টাকা এলেই পরিবারের জন্য কেনাকাটা করবেন, ঋণ শোধ করবেন এবং পরের ফসলের জন্য প্রস্তুতি নেবেন।
একই এলাকার কৃষক আবু সুফিয়ানের ভাষ্য অনুযায়ী, তার পরিবারে ছয় সদস্য। দীর্ঘদিন ধরে সবাই এই আমন কাটার মৌসুমের অপেক্ষায় থাকেন। ধান বিক্রির টাকা থেকে এরই মধ্যে তিনি সবার জন্য নতুন পোশাক কিনেছেন। বাসায় পিঠা বানানো হচ্ছে এবং আত্মীয়-স্বজনদেরও দাওয়াত দিয়েছেন।
আরও পড়ুন: ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
ঠাকুরগাঁও রোড এলাকার কাপড় ব্যবসায়ী রিয়াদ তালুকদারের ভাষ্য, ‘আমরা আমন ধান কাটার সময়ের জন্য অপেক্ষায় থাকি। এ সময় বেচাকেনা কয়েকগুণ বাড়ে। মন্দার সময়ের ঘাটতি পূরণে এই সময়টা বিশেষ ভূমিকা রাখে।’
এদিকে, চলতি মৌসুমেও ঠাকুরগাঁওয়ে আমনের ভালো ফলনের খবর পাওয়া গেলেও ধানের ন্যায্য দাম নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে।
স্থানীয় কৃষক তানভীর হাসান বলেন, স্থানীয় বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফলে নবান্নের উৎসবের আনন্দের পাশাপাশি কৃষকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফসলের সঠিক বাজারমূল্যের বিষয়টি।
নবান্নের দিকগুলো নিয়ে কথা হয় প্রবীণ কৃষক খোরশেদ আলমের সঙ্গে। এ বছর আমনের আবাদ নিয়ে তিনি খুশি। খোরশেদ জানান, নবান্নের আনন্দের একটি গুরুত্বপূর্ণ দিক হলো গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক বন্ধন। নতুন ধান ঘরে উঠলে অনেক পরিবারে প্রস্তুত হয় চিতই পিঠা, ভাপা পিঠা, পায়েসসহ নানা ধরনের খাবার।
আরও পড়ুন: মহেশখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আটক নেছার উল্লাহ
তিনি জানান, একসময় নবান্ন উপলক্ষে গ্রামে গ্রামে আয়োজন হতো নানা উৎসব ও মিলনমেলার। আধুনিকতার প্রভাবে এসব আয়োজন কিছুটা কমলেও নতুন ধান ঘরে তোলার আনন্দ এখনো মানুষের আবেগের সঙ্গে মিশে আছে।
সুশাসনের জন্য নাগরিক সুজনের ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মনে করেন, ভালো ফলন হলেই যে কৃষকের মুখে হাসি থাকবে, বাস্তবতা সব সময় এমন নয়। উৎপাদন খরচ, সার-বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি মেটানোর পর ধানের ন্যায্য দাম পাওয়া কৃষকের জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, ফসল ঘরে তোলার পরপরই অনেক কৃষক ঋণ পরিশোধ কিংবা সংসারের প্রয়োজন মেটাতে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করেন। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও প্রত্যাশিত আয় থেকে বঞ্চিত হন কৃষক। এ অবস্থায় কৃষি অর্থনীতিকে আরো শক্তিশালী করতে উৎপাদন ব্যবস্থা আধুনিক করা, কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা এবং বাজারজাত করার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ের কৃষি শুধু এ জেলার মানুষের খাদ্যের জোগান দেয় না, দেশের খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষির ওপর নির্ভরশীল এ জেলার অর্থনীতি আরো গতিশীল হবে।
আরও পড়ুন: নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় গ্রেফতার-১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন