০৫:৩১ পি.এম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে, এমন ঘোষণা দিয়েছে ইরানের নবগঠিত প্রণালি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে এ ঘোষণা দেয় পারসি উপসাগর প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ)। এ সংস্থাটি গত মাসে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন প্রটোকল তদারকির জন্য গঠন করা হয়।
পোস্টে উল্লেখ করা হয়, ‘মার্কিন আগ্রাসী বাহিনীর সৃষ্ট উত্তেজনা এবং গত রাতে ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণার কারণে হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
আরও পড়ুন: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ শনাক্ত করেছে ১৯টি ভুয়া ওয়েবসাইট
এতে আরও উল্লেখ করা হয়, ‘যেসব জাহাজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য এরইমধ্যে অনুমতি পেয়েছেন, তাদের ধৈর্য ধারণ করতে হবে এবং পিজিএসএ’র পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার অনুরোধ জানানো হচ্ছে।’
বুধবার (১০ জুন) রাতে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর পর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণায় জানায়, হরমুজ প্রণালি এখন ‘সব ধরনের জাহাজের জন্য বন্ধ’ থাকবে।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজগুলো এখনও প্রণালি দিয়ে যাতায়াত করছে। তবে আইআরজিসি এ বক্তব্য অস্বীকার করেছে।
এর আগে তেহরান জানিয়েছিল, হরমুজ প্রণালি খোলা রয়েছে, তবে শুধুমাত্র সেইসব জাহাজ চলাচল করতে পারবে যারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যাত্রা করবে।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় সংসদে তীব্র হট্টগোল
যুক্তরাষ্ট্র জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে পিজিএসএর সঙ্গে সমন্বয় না করার সতর্কবার্তা দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি কয়েক মাস ধরে যুদ্ধের কারণে কার্যত বন্ধ হয়ে রয়েছে। আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গানের তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ১৫ শতাংশে নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন