প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণ, রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবেলায় দুই দেশের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।
ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক বিভিন্ন সংকট মোকাবেলায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার ব্যবহার সীমিত করার লক্ষ্যে ফ্রান্স ও মেক্সিকোর উদ্যোগে বাংলাদেশের যুক্ত হওয়ার অঙ্গীকার আলোচনায় গুরুত্ব পায়।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসও তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করে বৈঠকের আলোচ্য বিষয়গুলো তুলে ধরে।
বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদে দুই দেশের মধ্যে সমন্বয় এবং আন্তর্জাতিক সংকট মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে আলোচনা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার বিষয়টি বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য ছিল। গণনৃশংসতা ও গুরুতর মানবিক বিপর্যয়ের ঘটনায় নিরাপত্তা পরিষদের কার্যকর পদক্ষেপ গ্রহণে ভেটো ক্ষমতার ব্যবহার সীমিত করতে ফ্রান্স ও মেক্সিকো দীর্ঘদিন ধরে উদ্যোগ নিয়ে আসছে।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, এ উদ্যোগে বাংলাদেশের যুক্ত হওয়ার অঙ্গীকারের বিষয়টি বৈঠকে উঠে আসে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদে এ বিষয়ে সমন্বয় জোরদারের বিষয়েও দুই পক্ষ আলোচনা করে।
রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক জবাবদিহি
বৈঠকে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির বিরুদ্ধে লড়াই এবং রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করেন।
মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব
বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের দায়িত্ব পালনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠকে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে তাঁর দায়িত্ব পালন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সম্পৃক্ততাকে নতুন মাত্রা দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন