প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফারিদা শহীদ তাঁর প্রথম বাংলাদেশ সফর শুরু করেছেন। আজ সোমবার, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব ফারিদা শহীদকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন, যা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে লক্ষ্য রাখে।
এ সময়, তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। এর মধ্যে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি স্পেশাল র্যাপোর্টিয়ারকে অবহিত করেন যে, সরকারের পরিকল্পনা ও কর্মসূচি প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করছে।
দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব আশা প্রকাশ করেন যে, শিক্ষার অধিকার নিয়ে বিভিন্ন বিষয়ে গঠনমূলক সংলাপ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। সফর থেকে উঠে আসা পর্যবেক্ষণ ও সুপারিশ শিক্ষা খাতের উন্নয়নে সরকারের চলমান প্রচেষ্টায় সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময়, বিশেষ র্যাপোর্টিয়ারের সফরে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ফারিদা শহীদ বাংলাদেশ সরকারকে উষ্ণ অভ্যর্থনা ও সফরের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের শিক্ষানীতি, উদ্যোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে জানার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সফরকালে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে গঠনমূলক মতবিনিময়ের প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।
ফারিদা শহীদ ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং নাগরিক সমাজের সংগঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন