প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনাদর্শ ও শিক্ষা সর্বস্তরে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আয়োজন করা হয়। এই সম্মেলনের কার্যক্রম চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বাদ জোহর চাঁদপুর সদরের ঐতিহাসিক হাসান আলী হাইস্কুল মাঠে শুরু হয়।
সম্মেলনে বক্তারা কওমি মাদরাসাগুলোর ঐতিহাসিক ভূমিকা ও দ্বীনি শিক্ষার অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, "দারুল উলুম দেওবন্দের উশুল ও আদর্শে পরিচালিত কওমি মাদরাসাগুলো যুগে যুগে ইসলামের বিশুদ্ধ আকীদা, সঠিক পথ ও নববী আদর্শ মানুষের সামনে তুলে ধরছে।" পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, হাদিস চর্চা, ইলমে নববীর প্রচার-প্রসার এবং সমাজে নৈতিকতা ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় কওমি মাদরাসাগুলোর অবদান আজকের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বক্তারা আরও উল্লেখ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সীরাত বা জীবনী কেবল পাঠের বিষয় নয়; বরং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত।
এই সীরাতুন্নবী (সা.) সম্মেলনটি কওমি সংগঠন চাঁদপুর জেলা সভাপতি মুফতি আবু সাঈদ (দা. বা.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে মূল্যবান দ্বীনি বয়ান পেশ করেনÑআল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া, শায়খুল হাদিস, জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম; আল্লামা ডক্টর নূরুল আবসার, সিনিয়র মুহাদ্দিস, দারুল উলুম হাটহাজারী, চট্টগ্রাম; মাওলানা আনিসুর রহমান আশরাফি, মুহতামিম, মাদরাসায়ে দারুল উলুম, ময়নামতি, কুমিল্লা; মাওলানা মুফতি নোমান কাসেমী, মুহতামিম, আল-মারকাজুল হানাফি বাংলাদেশ, ঢাকা; মাওলানা ইউসুফ বিন ইকবাল, নায়েবে মুহতামিম, রিয়াজুল জান্নাহ আল-ইসলামিয়া মাদরাসা, ব্রাহ্মণবাড়িয়া।
এছাড়া জেলার বরেণ্য স্থানীয় আলেম-ওলামাগণ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং নসিহতমূলক বয়ান করেন। সম্মেলনে চাঁদপুর ও আশপাশের এলাকা থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে শরিক হন। পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন