ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শুরু


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শুরু

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬   : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং বিবিএ ১ম বর্ষের অনলাইন ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন উপাচার্যের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি আবেদন কার্যক্রমের উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহা. আলী নূর, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ভর্তি কার্যক্রম-সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট https://admission.jnu.ac.bd এবং https://jnuadmission.com এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় স্ত্রী হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


সাতক্ষীরায় স্ত্রী হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড

সাতক্ষীরা, ২৫ নভেম্বর, ২০২৬ : স্ত্রী নাছিমা খাতুনকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় স্বামী শওকত আলীসহ দুই আসামির বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেছে।

আজ বুধবার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে শওকত আলী (৩৩) এবং কুখরালী কলোনীপাড়া এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০)।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, কুখরালী কলোনীপাড়া এলাকার মো. আতিয়ার রহমানের মেয়ে মোছা. হাসিনা খাতুন (৩৫) এবং আতিয়ারের স্ত্রী ছবিরণ খাতুন (৫৫)।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগর পাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সাথে মাধবকাটির শওকত আলীর বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। শওকত আলী তার স্ত্রীকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন করতে থাকে। বাধ্য হয়ে স্ত্রী নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকত আলীকে দেয়। এরপরও নির্যাতন থামেনি। এক পর্যায়ে শওকত আলী কুখরালী কলোনীপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে।

এসময় নাছিমা খাতুন ও তার সন্তানরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তবে শওকত আলী তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেয়। এ নিয়ে নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তাদের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনা খাতুনের ভাই শফিকুল ইসলাম ও হাসিনার মা ছবিরণ খাতুন ইটাগাছার ভাড়া বাড়িতে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এসময় স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মৃত্যুর আগে নাছিমা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেন।

আদালত ৭ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ এবং শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনার মা ছবিরণ খাতুনকে খালাসের আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো বিষয়টি বাসসকে নিশ্চিত করে জানান, এ রায়ের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বৃদ্ধ রবিউল হাওলাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


বরিশালে বৃদ্ধ রবিউল হাওলাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল সদর উপজেলার কর্নকাঠী বাজারসংলগ্ন কোরতাল বাড়ি এলাকা থেকে পুলিশ রবিউল হাওলাদার (৫৩) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

মরদেহটি বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার করা হয়। রবিউল হাওলাদার স্থানীয় নুরুল আমিনের পুত্র।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ঘরের ভেতরে রবিউলের কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ সৃষ্টি হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বৃদ্ধের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান জানিয়েছেন, স্ত্রীকে ঘরের বাইরে পাঠানোর পর রবিউল আত্মহত্যা করেছেন বলে তিনি শুনেছেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেন। তার আগের সংসারে তিন সন্তান রয়েছে। ঘটনার আগের দিন মঙ্গলবার তিনি একজনের পাওনা টাকা পরিশোধ করেছিলেন।

বন্দর থানার ৭ নম্বর ওয়ার্ডের বিট কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পিন্টু পাল জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় অবৈধ সার মজুতের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


পাবনায় অবৈধ সার মজুতের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

পাবনা, ২৫ নভেম্বর ২০২৬ : সদর উপজেলার আওতাধীন এলাকায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে। এই ঘটনায় ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়েছে।

আজ বুধবার সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে পরিচালিত অভিযানের সময় এই সার জব্দ করা হয় এবং জরিমানা আরোপ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাফিজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়, যেখানে অবৈধভাবে মজুতকৃত ৪৬৬ বস্তা সার উদ্ধার করা হয়। জব্দকৃত সারের মধ্যে ১২ বস্তা ইউরিয়া সার, ৩৮৯ বস্তা ডিএপি এবং ৬৫ বস্তা এমওপি রয়েছে।

এই ঘটনায় মল্লিক ট্রেডার্সের স্বত্তাধিকারী বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা, মোল্লা ট্রেডার্সের স্বত্তাধিকারী হেলাল মোল্লাকে ১০ হাজার টাকা এবং আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে, জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রোন হামলার আশঙ্কায় রাত হলেই সামরিক বিমানগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয় যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


ড্রোন হামলার আশঙ্কায় রাত হলেই সামরিক বিমানগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয় যুক্তরাজ্য

সম্ভাব্য ড্রোন হামলার ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রিটিশ বিমানবাহিনী রাতে তাদের যুদ্ধবিমান ও অন্যান্য বিমানকে হ্যাঙ্গার এবং সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করছে। খোলা জায়গায় থাকা বিমানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ড্রোনবিরোধী বিশেষ জাল ব্যবহারের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এবং স্কাই নিউজের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিবেদনটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাশিয়া থেকে নাশকতার হুমকি বেড়ে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫। একই সঙ্গে যুক্তরাজ্যের কিছু সামরিক ঘাঁটিতে ইরান-সংশ্লিষ্ট ঘটনার খবরও উঠে এসেছে।

চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটিতে ‘অনুমোদনহীন ড্রোনের সন্দেহজনক তৎপরতা’ শনাক্ত হওয়ার পর মার্কিন বিমানবাহিনীর সদস্যরা সেখানে পদক্ষেপ গ্রহণ করেন। এর কয়েক দিন আগে অন্য একটি বিমানঘাঁটি থেকে জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে আরএএফ লেকেনহিথে স্থানান্তর করা হয়।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরান-সংশ্লিষ্ট হুমকির কারণে যুক্তরাজ্যের আরেকটি বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেয়া হয়েছে।

গত সেপ্টেম্বরে ওই ঘাঁটিতে কথিত একটি সন্ত্রাসী হামলার চেষ্টার ঘটনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। ফেয়ারফোর্ড বিমানঘাঁটির আশপাশে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার পর পাঁচজনকে গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষের ধারণা, ওই ঘটনার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে।

এমন পরিস্থিতিতে ব্রিটিশ বিমানবাহিনীর বিমানের নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে রাতে ড্রোন হামলার ঝুঁকি কমাতে বিমানগুলোকে খোলা জায়গায় না রেখে সুরক্ষিত স্থানে রাখার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: খালিজ টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%