০৩:৫২ পি.এম
ইসরায়েলে নতুন সরকার গঠনের জটিল পরিস্থিতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। বিরোধী শিবিরের দুই প্রভাবশালী নেতা গাদি আইজেনকোট এবং আভিগদর লিবারম্যান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় প্রথম আনুষ্ঠানিক জোট চুক্তিতে পৌঁছেছেন।
সংসদ বা নেসেটের ১২০টি আসনের মধ্যে গাদি আইজেনকোটের মধ্য-ডানপন্থী দল ‘ইয়াশার’ ২১টি আসন অর্জন করেছে এবং আভিগদর লিবারম্যানের দল ‘ইসরায়েল আওয়ার হোম’ ৭টি আসন পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা এই চুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে মূল্যায়ন করছেন; কারণ লিবারম্যান পূর্বে আরব দলগুলোর সমর্থননির্ভর সরকার গঠনের পাশাপাশি নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকারে যোগ দেওয়ার ব্যাপারে কঠোর আপত্তি জানিয়েছিলেন। তবে তিনি বারবার উল্লেখ করেছেন যে, তাঁর প্রধান রাজনৈতিক লক্ষ্য হলো নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।
বর্তমান সংসদীয় হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর দল লিকুদ এবং অতি-ডানপন্থী ও অতি-অর্থোডক্স দলগুলোর জোট ৫৩টি আসন পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে কম। অন্যদিকে, আইজেনকোটের দল ও সম্ভাব্য শরিকদের সম্মিলিত আসন সংখ্যা ৪৮। এ অবস্থায় ১৯টি আসন পাওয়া আরব দলগুলো, যারা নেতানিয়াহুর বিরোধিতায় আইজেনকোটের অবস্থানের সঙ্গে একমত, তারা আইজেনকোটের জোটকে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
আরও পড়ুন: শত্রু বাহিনী বড় ক্ষতির সম্মুখীন, হটিয়ে দিতে প্রস্তুত ইরানের সেনারা: আইআরজিসি
গাদি আইজেনকোট ২৮ দিনের ম্যান্ডেটের আওতায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সরকার গঠনের জন্য সময় পাচ্ছেন। প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। যদি তিনি ব্যর্থ হন, তাহলে নেতানিয়াহু সরকার গঠনের সুযোগ পেতে পারেন। যদি কেউ সরকার গঠনে সক্ষম না হন, তাহলে আগামী বছর ইসরায়েলে আরেকটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, একটি সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আইজেনকোট, তাঁর ‘পরিবর্তন ব্লক’-এর কয়েকজন সদস্য এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে আলোচনা চলছে। তবে এই অগ্রগতির ফলে বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি ভিন্ন অবস্থান নিয়েছে। ৮টি আসন পাওয়া দলটি ঘোষণা করেছে যে, লিকুদের সঙ্গে আইজেনকোটের আলোচনা এবং ‘পরিবর্তন সরকার’ গঠনে অচলাবস্থার কারণে তারা আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করছে। দলটির প্রধান ইয়াইর গোলান জানিয়েছেন, তিনি আরব দলগুলোর সমর্থন নিয়ে নেতানিয়াহুমুক্ত সরকার গঠনের পক্ষে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন