০৬:৫২ পি.এম
গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্যের অনুকূলে তিন ধাপে বরাদ্দকৃত মোট ১ কোটি ৬০ লাখ টাকার বিপরীতে ১১৩টি প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভাপতিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের ‘গাজীপুর ক্লাব’ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
আরও পড়ুন: কালিয়াকৈরের শ্রমিকের হাটে হাহাকার, হাজার টাকায় ঘাম ঝরানো মানুষ মিলছে না
গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আওলাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনি বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের মৌলিক চাহিদা পূরণ, এলাকার উন্নয়ন এবং মানবসেবায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত ১ কোটি ৬০ লক্ষ টাকার এই এককালীন অনুদানের চেক বিতরণ করা হলো।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, বর্তমান সরকার সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট প্রকল্প কমিটিসমূহ বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়নকাজ যথাযথভাবে সম্পন্ন করবেন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে ১১৩টি প্রকল্পের সভাপতিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।
আরও পড়ুন: অভয়নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম আজাদকে দেখতে হাসপাতালে যান উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন