০৫:৫০ পি.এম
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন, 'গুপ্ত-সুপ্তরা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল।' তিনি বলেন, 'আজকে যারা গুপ্ত-সুপ্ত আছে, তারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিলেন।'
মন্ত্রী জানান, বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে এবং আগামী পাঁচ বছরে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় বাবার প্রাণ গেল
আইনমন্ত্রী আরো বলেন, 'বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল।' তিনি উল্লেখ করেন, এ ধরনের মামলায় এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যিনি ২০ বছর আগেই মারা গেছেন। মন্ত্রী বলেন, 'সকল চড়াই ওতরাই পার করে এই সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাসের মধ্যে দেশের মানুষের মধ্যে আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। আমরা বলছি সংকট আছে। সেই সংকট সমাধানের চেষ্টা করছি।'
মন্ত্রী আরো বলেন, 'মানুষকে মিথ্যা আশ্বাস আমরা দেয় না।'
ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, 'পুরো পৃথিবী যখন বিপর্যস্ত, তখন বিশ্বের সব দেশেই তেলের দাম বেড়েছে। আমরা চেষ্টা করেছি সবার শেষে তেলের দাম বাড়াতে।'
আইনমন্ত্রী বলেন, 'জীবনানন্দ দাশের বরিশালে বেড়াতে এসে মনে হচ্ছে, কবি যেমন বলেছিলেন, মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে।' তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেন, 'আইনজীবীদের ব্যথা আমি পেয়ে গেছি বরিশাল বারে এসে।'
আরও পড়ুন: সরকারের সঙ্গে জনগণ প্রস্তুত ষড়যন্ত্র প্রতিহত করতে: রিজভী
আইনজীবীদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনে আইনমন্ত্রী বলেন, 'বারের সংস্কারের জন্য ২০ লাখ টাকা এবং বই কেনার জন্য ৫ লাখ টাকা আপাতত দিলাম।' তিনি আরো বলেন, 'আর ভবন নির্মাণের জন্য যা যা করা দরকার, তা করা হবে।'
মতবিনিময় সভায় বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা আইনজীবীদের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সংকট ও দাবিদাওয়া তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরও পড়ুন: কুমিল্লায় ১১ দিনে পুলিশের অভিযানে আটক ২৭৬৫, ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন