০৩:৩৪ এম
বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি ঢুকে পড়া মালয়েশিয়াগামী একটি নৌকা থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করে আটক করা হয়েছে। বাকি ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রতারণার শিকার হয়েছেন বলে নৌবাহিনী জানিয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সেন্ট মার্টিনের কাছাকাছি সমুদ্রে এই ঘটনা ঘটে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোট একটি ভাসমান কাঠের নৌকা দেখতে পায়। নৌকার কিছু ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।
আরও পড়ুন: মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও শাস্তির দাবি
খবর পেয়ে ওই এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি উদ্ধার করে। এ সময় নৌকাটিতে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন এবং নৌকায় থাকা ৭৬ জনকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
নৌবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার জন্য মানব পাচারকারী চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন। তাঁদের অধিকাংশকে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল বলে জানা গেছে। পরে তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল।
নৌবাহিনী জানিয়েছে, বোটটি অবৈধভাবে সমুদ্রপথে যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। বোটে থাকা ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ব্রিটেনে বাংলাদেশের রাজনীতি টেনে না আনার আহ্বান লেবার এমপি আথওয়ালের
আটক ব্যক্তিদের এবং বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন