টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ ফারুক হোসেন
০৫:৩৪ পি.এম
গাজীপুর টঙ্গীতে আজ ( ৯ নভেম্বর সোমবার ) এলাকাকে ময়লা-আবর্জনা মুক্ত, স্বাস্থ্যকর এবং পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে, জাইকার এক নাগরিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘ক্লিন ইট আপ’ (Clean It Up)
করবো কাজ গড়বো দেশ
সবার আগে বাংলাদেশ
এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় তরুণ সমাজ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং জাইকার যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
দিন দিন জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন সড়ক, অলিগলি এবং ড্রেনেজ ব্যবস্থা প্রায়ই ময়লা জমে দূষণের শিকার হচ্ছিল। এর ফলে একদিকে যেমন নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়ছিল, অন্যদিকে নষ্ট হচ্ছিল এলাকার সৌন্দর্য। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যেই ‘ক্লিন ইট আপ’ ক্যাম্পেইনটি হাতে নেওয়া হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোন-১ এর প্রধান প্রকৌশলী মাইদুল ইসলাম, জাইকার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং স্পেশালিস্ট কহিনুর খান, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী
আফসানা জামান প্রান্তী,
এ আর ইউসুফ সাদী,
মো.আজিজুল হক, টঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শামিম, আফ্রিন সুলতানা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী দিনে টঙ্গী বাজার ও এর আশপাশের জনবহুল এলাকায় তরুণ স্বেচ্ছাসেবকরা ঝাঁট দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করেন এবং যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ফেলা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে সচেতন করেন। এ সময় তারা ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা সংবলিত লিফলেট বিতরণ করেন।
উদ্যোক্তারা জানান, এটি কেবল একদিনের কোনো কার্যক্রম নয়; বরং এটি একটি ধারাবাহিক আন্দোলন। পর্যায়ক্রমে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এই ক্যাম্পেইন ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ডাস্টবিন স্থাপন এবং সঠিক উপায়ে বর্জ্য অপসারণের স্থায়ী সমাধানের দাবি জানানো হবে।
স্থানীয় সচেতন নাগরিক সমাজ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের এক পক্ষে পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের সদিশতা ও সহযোগিতা। ‘ক্লিন ইট আপ’ ক্যাম্পেইনের মাধ্যমে গাজীপুর ও টঙ্গী আগামী দিনে একটি প্লাস্টিক-মুক্ত ও পরিচ্ছন্ন মডেল শহরে রূপ নেবে—এমনটাই প্রত্যাশা সকলের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৩১টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আজ সোমবার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি ও ২২টি মোটরসাইকেলসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৮টি ট্রাক, ৯টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ১৫০টি মোটরসাইকেলসহ মোট ৩১৭টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৪টি বাস, ৪০টি ট্রাক, ৩৫টি কাভার্ড ভ্যান, ১০৩টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ৪৯০টি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৯টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ৪০টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২০টি বাস, ৬টি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান, ৪৮টি সিএনজি ও ১৯৭টি মোটরসাইকেলসহ মোট ৩৭৮টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ৮টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৬১টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৩৯৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৪১টি বাস, ৮টি ট্রাক, ২৬টি কাভার্ড ভ্যান, ৬১টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ৪৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, অভিযান চলাকালে ৫৯২টি গাড়ি ডাম্পিং এবং ৪২০টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাপ ছাড়াই গত এক সপ্তাহ ধরে টিউবওয়েল থেকে পানি ও আগুন বের হচ্ছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে আশপাশ ও দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় করছে। অনেকেই এই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করছেন।
ঘটনাটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আদর্শ রুপালী কলোনির বাসিন্দা মো. আবদুল্লাহর টিউবওয়েলে ঘটেছে।
আবদুল্লাহ কালের কণ্ঠকে জানান, তার বাসার সামনে দুই মাস আগে টিউবওয়েলটি স্থাপন করা হয়েছিল। তবে টিউবওয়েল থেকে প্রয়োজনীয় পানি উঠছিল না। সেটি স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়ার আগেই হঠাৎ তিনি লক্ষ্য করেন টিউবওয়েলের নিচ থেকে পানি বের হচ্ছে। পানির সঙ্গে আগুনও উঠতে দেখা যায়। বর্তমানে টিউবওয়েলের মুখ থেকে ঝরনার মতো পানি ও আগুন বের হচ্ছে। এই দৃশ্য দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, এমন একটি ঘটনা শুনে তিনি সরাসরি গিয়ে ভিডিও ধারণ করেছেন এবং ফেসবুকে পোস্ট করেছেন। তিনি উল্লেখ করেন, "কল থেকে আপনাআপনি পানি ও আগুন বের হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের খতিয়ে দেখা প্রয়োজন।"
রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম জানান, শুকনো মৌসুমে সাধারণত পানির স্তর নিচে চলে যায়। বর্ষা মৌসুমে বেশি বৃষ্টির কারণে পানির স্তর উপরে উঠে আসে। এই সময় নিচ থেকে পানির চাপ তৈরি হয়। ফলে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি উপরে উঠে আসে। তবে পানির সঙ্গে আগুন বের হওয়ার কারণ খতিয়ে দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীতে বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে কেন্দ্র করে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা এবং নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মুফতি আনোয়ার হোসাইন চিশতী।
মুফতি আনোয়ার হোসাইন চিশতী সোমবার (৯ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের বেলাব উপজেলা শাখার সভাপতি এবং জামেয়া আমানিয়া রহমতপুর নারায়ণপুর এর প্রিন্সিপাল হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০১৩ সালের ১৫ জানুয়ারি রায়পুরা থানাধীন অলিপুরা গ্রামে গিয়াসউদ্দিন আত-তাহেরীর একটি বিতর্কিত বক্তব্যের কারণে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় একজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হন। পরবর্তীতে ২০টি বাড়িঘরে ভাঙচুর করা হয়। তিনি উল্লেখ করেন যে, ওই ঘটনার পর রায়পুরা ও বেলাব উপজেলায় আত-তাহেরীর মাহফিল নিষিদ্ধ করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ৫ নভেম্বর বেলাব উপজেলার নারায়ণপুর কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ বেলাব উপজেলা শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন তাহেরীর অনুসারীরা প্রধান বক্তা ঘোষণা করে আলাদাভাবে আলাদা মাহফিলের আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালালে স্থানীয় মুসল্লি ও আলেম-ওলামাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আত-তাহেরীর মাহফিলে অংশ না নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হলে আমাদের মাহফিল প্রত্যাহার করে নেওয়া হয়। তবে পরবর্তীতে আত-তাহেরী ও তাঁর অনুসারীরা আলাদা মাহফিল করে আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে অপমান করেন বলে অভিযোগ করেন মুফতি আনোয়ার।
লিখিত বক্তব্যে তিনি নিজেকে একজন প্রিন্সিপাল, শায়খুল হাদিস এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের বেলাব উপজেলা শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন।
এ সময় তিনি প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে নরসিংদী জেলায় অবাঞ্ছিত ঘোষণা এবং তার সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করার দাবি জানান।
এ ছাড়াও কেন্দ্রীয় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের প্রতি যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিগোচর করার অনুরোধ জানান বক্তা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপ্রচার চালানোর অভিযোগও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নরসিংদী জেলায় আত-তাহেরীর মাহফিল অনুষ্ঠান বন্ধে প্রশাসনের কার্যকর নিষেধাজ্ঞা দিতে হবে বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মাওলানা কাউছার আহমেদ, মুফতি ওলিউল্লাহ, মুফতি তরিকুল ইসলাম, মুফতি আল- আমিন, মাওলানা আব্দুল্লাহ বিন বশিরসহ আশরাফ সাকি প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলা অক্টোবর মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশের মধ্যে সেরা অবস্থানে এসেছে। একই সময়ে, জেলা ক্যাটাগরিতে পটুয়াখালী দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই কার্যক্রমটি শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্য পরিচালিত হয়।
গলাচিপা উপজেলা নিবন্ধনের লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১৬৩ শতাংশ কাজ সম্পন্ন করেছে। পটুয়াখালী জেলা জন্ম-মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। জেলায় মোট কাজের পরিমাণ ১০৩.৪৫ শতাংশ।
৯ অক্টোবর সোমবার, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র অনুযায়ী, জেলা ক্যাটাগরিতে হবিগঞ্জ জেলা ১০৩.৮৩ শতাংশ কাজ করে প্রথম স্থান অর্জন করেছে। হবিগঞ্জ জেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৯৮৫ টি, তারা ৪৪০১টি সম্পন্ন করেছে। মৃত্যুর ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ১২২০টি, তারা ১১৮৬টি নিবন্ধন করেছে। হবিগঞ্জ জেলার অর্জন ১০৩.৮৩ শতাংশ। জেলা পর্যায়ে পটুয়াখালী এবং চুয়াডাঙ্গা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। পটুয়াখালী জেলা ১০৩.৪৫ শতাংশ এবং চুয়াডাঙ্গা জেলা ৯৪.৬২ শতাংশ কাজ করেছে।
অক্টোবর মাসে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা দেশের মধ্যে সেরা হয়েছে। জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি এবং মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ১৬৩ শতাংশ, যা সারা দেশের মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে, তাদের অর্জন ১৪১ শতাংশ। সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলা তৃতীয় স্থানে রয়েছে, তাদের অর্জন ১৩৪ শতাংশ।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক মন্তব্য করেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধুমাত্র একটি প্রশাসনিক কার্যক্রম নয়; এটি নাগরিকের আইনগত পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। একটি শিশুর জন্ম থেকে শুরু করে একজন নাগরিকের মৃত্যু পর্যন্ত রাষ্ট্রীয় তথ্যভান্ডারে সঠিক তথ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দায়িত্ব হলো নির্ভুলতা, সময়ানুবর্তিতা ও সেবার মান নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘আমি এ অর্জনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট সকলকে তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এ অর্জন যেন সাময়িক সাফল্যে সীমাবদ্ধ না থাকে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুণগত মান বজায় রাখা, শতভাগ নিবন্ধন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গলাচিপা উপজেলা ভবিষ্যতেও সেবার মান ও দক্ষতায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।’
‘দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। জেলা প্রশাসক স্যার ও ডিডিএলজি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সঠিক নির্দেশনা ও দূরদর্শিতায় এ ফলাফল সম্ভব হয়েছে।’
পটুয়াখালী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা নিয়মিত তদারকি এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। বিশেষ করে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে মাঠপর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গলাচিপা উপজেলা লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬৩ শতাংশ অর্জন করে দেশসেরা হওয়া এবং পটুয়াখালী জেলা ১০৩.৪৫ শতাংশ অর্জন করে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এ অর্জনের পেছনে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।’
উল্লেখ্য, গত জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে গলাচিপা প্রথমবারের মতো দেশসেরা হয়েছিল। এপ্রিল-আগস্ট টানা ৪ মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে গলাচিপা উপজেলার ইউএনও আবুজর মো. ইজাজুল হক বরিশাল বিভাগের সেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন। জন্ম-মৃত্যু নিবন্ধনে কার্যক্রমে ২০২৪-২০২৫ অর্থবছরে দুমকী উপজেলা বর্ষসেরা উপজেলার কৃতিত্ব অর্জন করেছিল এবং বর্ষসেরা ইউএনও হয়েছিলেন দুমকী উপজেলার তৎকালীন ইউএনও আবুজর মো. ইজাজুল হক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ