০৭:৫৭ পি.এম
জাতীয় অর্থনীতিতে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান ৬০ শতাংশের বেশি উন্নীত করার লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সিএমএসএমই খাতকে আরো শক্তিশালী করতে হবে।
আজ রোববার ঢাকায় বিসিক ভবনে বিসিক বর্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এই নির্দেশনা দেন।
আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্বের আহ্বান
মন্ত্রী আরও বলেন, বিসিক শিল্পনগরীসমূহ বর্তমানে জাতীয় অর্থনীতিতে বছরে প্রায় ৬৫ হাজার কোটি টাকা অবদান রাখছে। তবে, দেশের অর্থনৈতিক সম্ভাবনার তুলনায় এ উৎপাদন নিশ্চিতভাবে এখনও সন্তোষজনক নয়।
তিনি ভিয়েতনাম ও কম্বোডিয়ার উদাহরণ তুলে ধরে বলেন, ওই দেশগুলোতে সিএমএসএমই খাত অর্থনীতিতে ৫০ থেকে ৬০ শতাংশের বেশি অবদান রাখছে। এই দিক থেকে বাংলাদেশেও যদি এ খাতের অংশীদারিত্ব ৬০ শতাংশের বেশি উন্নীত করা যায়, তাহলে আয় বৈষম্য কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে।
শিল্পমন্ত্রী দীর্ঘ সময় ধরে অব্যবহৃত বা পরিত্যক্ত শিল্প প্লট দ্রুত শনাক্ত করে সেগুলো পুনরুদ্ধার এবং উৎপাদনমুখী উদ্যোক্তাদের কাছে পুনর্বণ্টনের জন্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, অব্যবহৃত শিল্প সম্পদ উৎপাদনে ফিরিয়ে আনার ক্ষেত্রে জেলা কর্মকর্তাদের সাফল্যই হবে তাদের কর্মদক্ষতা মূল্যায়নের অন্যতম প্রধান সূচক।
আরও পড়ুন: ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে বিএনপি, নৈরাজ্য করতে দেওয়া হবে না: ইশরাক
ভবিষ্যতে শিল্পায়নের প্রসার ঘটানোর জন্য যেসব শিল্পনগরীর জমি সম্পূর্ণ ব্যবহৃত হয়েছে, সেগুলো সম্প্রসারণ এবং চাহিদাসম্পন্ন এলাকায় নতুন শিল্পনগরী স্থাপনের লক্ষ্যে তিনি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার ঘোষণা দেন।
দীর্ঘকাল বিলম্বিত প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সবুজ পাতা’ প্রকল্পের আওতায় নতুন উদ্যোগগুলো চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।
কৃষিভিত্তিক শিল্প ও লাইট ইঞ্জিনিয়ারিংকে আঞ্চলিক শিল্পায়নের অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করে এই সঙ্কল্পে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ জেলার শিল্প সম্ভাবনার ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে বিস্তারিত সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, এসব প্রস্তাব পরবর্তী সপ্তাহের জেলা ও শিল্পভিত্তিক বৈঠকে আলোচনা করা হবে।
আরও পড়ুন: ভূমি ব্যবস্থাপনায় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি
তিনি বলেন, সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি উন্নীত করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সরকারের সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন