১১:১০ পি.এম
ধর্ম আলাদা হলেও বন্ধুত্বের সম্পর্ক ছিল অটুট। জীবনের শেষ বিদায় উপলক্ষে বন্ধুকে একবারের জন্য দেখতে ছুটে আসেন হিন্দু বাল্যবন্ধু সুরেশ। মুসলিম বন্ধু আব্দুল হাকিম ডাকুয়ার জানাজা চলছিল নিচে, আর তিনি ব্রিজের ওপর দাঁড়িয়ে নীরবে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন।
এমন মানবিক সম্পর্কের দৃশ্য স্থানীয়দের হৃদয়কে ছুঁয়ে গেছে।
ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে ঘটেছে। কৃষক হাকিম ডাকুয়ার (৭০) বার্ধক্যজনিত কারণে মৃত্যু হলে, দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০) খবর পেয়ে ছুটে আসেন।
আরও পড়ুন: অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজাতে সরকারের বড় উদ্যোগ
বন্ধুর জানাজার স্থানে উপস্থিত থাকলেও ধর্মীয় রীতির প্রতি সম্মান জানিয়ে ব্রিজের ওপর এক পাশে নীরবে দাঁড়িয়ে ছিলেন তিনি।
অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখছিলেন সুরেশ। আপ্লুত কন্ঠে বীর মুক্তিযোদ্ধা সুরেশ বলেন, 'আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। একই সঙ্গে খেলাধুলা করেছি। কত স্মৃতি আমাদের! ধর্ম আলাদা হলেও আমাদের বন্ধুত্বের মধ্যে কখনো কোনো ভেদাভেদ ছিল না। সুখে-দুঃখে সব সময় একে অপরের পাশে ছিলাম। আজ আমার সেই বাল্যবন্ধু আর নেই। ওর মৃত্যুর খবর শুনেই ছুটে এসেছি। জানি, সে আর ফিরে আসবে না। তবুও শেষবারের মতো বন্ধুকে একনজর দেখতে চেয়েছি।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন