১০:৫৫ পি.এম
জামালপুরে দুই দফা তালাক দেওয়ার পরও স্ত্রীর সঙ্গে ১৬ বছর ধরে গোপনে সংসার করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই সময়ের মধ্যে তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়েছে।
ভুক্তভোগী স্ত্রী সাবিতা বেগম স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা এবং পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ তুলেছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামালপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবিতা বেগম এসব অভিযোগ তুলে ধরেন।
আরও পড়ুন: ভোলায় ৪ ধাপে ৫৮ ইউনিয়ন পরিষদের ভোটের তালিকা প্রকাশ করেছে ইসি
তিনি জানান, ২০১০ সালে প্রথম এবং ২০১১ সালে দ্বিতীয়বার তালাক দেওয়ার পরও স্বামী শফিকুল ইসলাম বিষয়টি গোপন রেখেছিলেন। এরপরও তারা স্বামী-স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন একসঙ্গে বসবাস করেন। এই সময় তাদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। শফিকুল টাকার জন্য তাকে অন্য পুরুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করতেন।
ভুক্তভোগী সাবিতা অভিযোগ করেন, পাঁচ লাখ টাকা যৌতুক দিতে না পারায় গত ১০ আগস্ট দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেন শফিকুল। বর্তমানে তিনি মেয়েকে নিয়ে একটি পোশাক কারখানায় কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করছেন।
সাবিতা বেগম জানান, তিনি এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে কার্যকর প্রতিকার না পেয়ে বুধবার প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে নির্যাতনের বর্ণনা দিয়ে ন্যায়বিচার দাবি করেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জামালপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রমাণসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গণহত্যার রায়ে রোহিঙ্গাদের মধ্যে আনন্দ ও আশা
এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন