১২:৩২ এম
ইরানের পরমাণু শিল্প ধ্বংসের জন্য শত্রুদের নানা প্রচেষ্টা সত্ত্বেও দেশটি পারমাণবিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক উন্নয়নের পথ থেকে সরে আসবে না, এমনটি জানিয়েছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) উপ-প্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তিনি ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে বক্তব্য দিতে গিয়ে এই ঘোষণা করেছেন।
মেজর জেনারেল ইজাদি বলেন, ইরানকে দুর্বল, উৎখাত ও খণ্ডিত করার লক্ষ্য নিয়ে শত্রুরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে সংঘাত শুরু করেছে। তাদের লক্ষ্য ছিল দেশটির তেলসম্পদ ও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ স্থাপন, ইরানি-ইসলামি সভ্যতা ধ্বংস, দেশের সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ ফ্রন্টকে দুর্বল করা এবং পরমাণু শিল্প নিশ্চিহ্ন করা। তবে তিনি উল্লেখ করেন যে, এসব প্রচেষ্টার কোনোটিই সফল হয়নি।
তিনি আরও বলেন, আমরা শক্তির সঙ্গে দেশের পরমাণু, বৈজ্ঞানিক এবং উন্নয়নমূলক অগ্রযাত্রা অব্যাহত রাখব।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
এই সামরিক কর্মকর্তা দাবি করেন, আল্লাহর ওপর নির্ভরতা এবং বিচক্ষণ নেতৃত্বের কারণে ইসলামি প্রজাতন্ত্র বিভিন্ন কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করতে সক্ষম হয়েছে। শত্রুরা ইরানের পরমাণু শিল্পে প্রবেশ বা তা ধ্বংস করার লক্ষ্যেও সফল হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ব রাজনীতির সাম্প্রতিক পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে ইজাদি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাব কমে যাওয়ার দিকে নির্দেশ করছে।
তিনি ইরানের সামরিক সক্ষমতা নিয়েও কথা বলেন। তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি, শিল্প ও অর্থনৈতিক বাণিজ্যপথগুলোর মধ্যে অন্যতম হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির অসাধারণ প্রতিরোধক্ষমতা তৈরি করেছে। এর ফলে প্রতিপক্ষরা সতর্ক ও অনেকটা নিষ্ক্রিয় অবস্থানে যেতে বাধ্য হয়েছে বলেও তিনি দাবি করেন।
আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ইজাদি বলেন, প্রতিরোধ ফ্রন্টও ইসলামি বিপ্লবের আদর্শের সমর্থনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির মতো কৌশলগত প্রবেশপথগুলোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে এ ফ্রন্ট আঞ্চলিক প্রভাবকে আরও শক্তিশালী করেছে বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন