বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং
০১:৩৯ এম
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে শাপলাপাতা মাছ ধরা নিয়ে একটি ট্রলারসহ ৬ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার (১২ আগস্ট) দুপুরে শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটক করা জেলেদের মধ্যে রয়েছেন পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মো. বিল্লাল, মোজাফর হাওলাদার, দুলাল, বশির, আসাদ ও ইব্রাহিম। তাদের বৃহস্পতিবার বাগেরহাট আদালতে পাঠানো হবে।
বন বিভাগ জানায়, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ও শরণখোলা স্মার্ট পেট্রোলিং টিমের বনরক্ষীরা যুক্ত হয়ে সুন্দরবনের নদীতে টহল দিচ্ছিলেন। এ সময় ভাঙ্গা-নীলবাড়ীয়া খালে একটি ফিশিং ট্রলারকে মাছ ধরতে দেখে তারা সেখানে এগিয়ে যান।
পরে ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে ৯টি বড় আকারের নিষিদ্ধ শাপলাপাতা মাছ, দুই মণ বিভিন্ন প্রজাতির মাছ, দুই হাজার মাছ ধরার বড়শি এবং মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনে তিন মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। আটক জেলেরা আইন অমান্য করে খালে মাছ ধরছিলেন। তাছাড়া এসব জেলে শিকার-নিষিদ্ধ শাপলাপাতা মাছ ধরে ফেলেছেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় রাখার দাবিতে জোর দিয়েছেন হরমুজ প্রণালীর ওপর। যদিও ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের ফলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, খবর আলজাজিরার।
বুধবার, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে এই কথা বলেন। এর আগে সাংবাদিকদের কাছে তিনি একই ধরনের দাবির পুনর্ব্যক্তি করেছেন।
ট্রাম্প বললেন, ‘হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি মনে করি, আমরা এটি ধরে রাখব!’
তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধকে সবাই ‘ইস্পাতের প্রাচীর’ বলছে, এবং এ বিষয়ে ইরানের কিছুই করার নেই।
তিনি বলেন, ‘ইরান শুধু কথা বলে, কাজ করে না; মধ্যপ্রাচ্যের উৎপীড়ক আর নয়।’ তার বার্তাটি তিনি শেষ করেন এই বলার মধ্য দিয়ে, ‘সমস্ত প্রশংসা আল্লাহর!’
এমন মতামতের সত্ত্বেও, ইরান প্রণালীটির উপর তার প্রভাব বিস্তার করার চেষ্টা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান-ওমান আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর শান্তি আলোচনা মূলত স্থগিত রয়েছে, কারণ এই আলোচনায় ওয়াশিংটন অন্তর্ভুক্ত নয়।
ইরান বলেছে, মার্কিন নৌ অবরোধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের সম্পদ অবমুক্ত না হওয়া পর্যন্ত তারা প্রণালীটিতে পূর্ণ যান চলাচলের অনুমতি দেবে না।
রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র আটটি জাহাজ চলাচল করেছে, যা যুদ্ধ-পূর্ববর্তী ১৩০ থেকে ১৪০টি জাহাজের হার থেকে অনেক কম। বাণিজ্য বিশ্লেষণ প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী, এটি গত দশ দিনের গড় প্রায় ১২টি জাহাজের চেয়েও কম ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম বন্দরে একটি জাহাজে সর্বোচ্চ রপ্তানি কনটেইনার তোলার নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। গতকাল বুধবার, মায়েরস্ক বিনটুলু জাহাজে ১ হাজার ৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বুধবার বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ১১ নম্বর জেটি থেকে এই জাহাজীকরণ কার্যক্রম সম্পন্ন হয়। এটি এ যাবৎকালের মধ্যে একটি জাহাজে সর্বোচ্চ রপ্তানি কনটেইনার জাহাজীকরণের নতুন রেকর্ড।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফারেত হামিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জাহাজটিতে ১৪৭ টিইইউএস খালি কনটেইনারও ছিল। সব মিলিয়ে, জাহাজটিতে মোট ১ হাজার ৯৩১ টিইইউএস কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে জাহাজীকরণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৮ জুন রপ্তানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল ১ হাজার ৪৩৯ টিইইউএস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা কর্তৃক জাতিসংঘের আফগানিস্তান মিশনের (ইউএনএএমএ) দুই কর্মী আটক হয়েছে। মঙ্গলবার সংস্থাটি জানায় যে, তাদের সঙ্গে গত দুই দিন ধরে জাতিসংঘের কোনো যোগাযোগ বা সাক্ষাৎ সম্ভব হয়নি। এ তথ্যটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রাপ্ত হয়েছে।
ইউএনএএমএ এক বিবৃতিতে জানায়, গত ৯ আগস্ট রোববার, পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ‘জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স’-এর কর্মকর্তারা জাতিসংঘের দুই আফগান পুরুষ কর্মীকে আটক করেন।
এই বিষয়ে আফগান সরকার এএফপির কাছে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দপ্তর আটক ব্যক্তিদের বিশেষ মর্যাদা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
গুতেরেসের মুখপাত্র ফারহান হক বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে আমাদের জানানো হয়নি এবং তাদের সঙ্গে দেখা করারও অনুমতি দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘জাতিসংঘ ও এর কর্মকর্তাদের বিশেষ মানবাধিকার ও দায়মুক্তির বিষয়গুলো মেনে চলতে আমরা কার্যত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তালেবানদের ক্ষমতা দখলের পঞ্চম বার্ষিকীর কিছু দিন আগে এই আটকের ঘটনা ঘটে। ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে।
স্বাস্থ্য ও মানবিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে আফগানিস্তানজুড়ে জাতিসংঘের একাধিক সংস্থা কাজ করছে। চলতি সপ্তাহে ইউএনএএমএ একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে দেশটির কর্তৃপক্ষকে নিরাপত্তা সংস্থার বলপ্রয়োগ, গ্রেফতার ও আটক সংক্রান্ত বিষয় স্পষ্ট করার পাশাপাশি এসব কার্যক্রমে জবাবদিহিতা বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে।
প্রায় পাঁচ বছর ধরে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তান শাসন করছে এবং তারা ইসলামী আইনের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে দেশ পরিচালনা করে আসছে। আফগান নারীদের জাতিসংঘের বিভিন্ন স্থাপনায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি জাতিসংঘের নারী কর্মীরাও এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত।
গত জুনে, হেরাত প্রদেশে ইরান সীমান্তের কাছে প্রায় ২০ জন ত্রাণকর্মীকে আফগানিস্তানের নৈতিকতা-বিষয়ক পুলিশ আটক করেছিল। তাদের দাড়ি যথেষ্ট লম্বা না হওয়ার অভিযোগে আটক করা হয়।
একটি অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে এএফপির জানায়, আটক ব্যক্তিদের মধ্যে জাতিসংঘের অংশীদার বিভিন্ন সংস্থায় কর্মরত ব্যক্তিরাও ছিলেন, কিন্তু পরে তাদের ছেড়ে দেওয়া হয়। জুনের শুরুতে তালেবান সরকারের নৈতিকতা-বিষয়ক পুলিশ কয়েক ডজন নারীকে আটক করেছিল। সরকারি পোশাকবিধি লঙ্ঘনের কারণে তাদের শরীর পুরোপুরি ঢেকে রাখার জন্য চাদর বা বোরকা পরিধান না করার অভিযোগে আটক করা হয়।
আটকদের মধ্যে মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)-এর একজন হাসপাতালকর্মীও ছিলেন, যিনি ওই আটকের তীব্র নিন্দা জানান। এই বিধিনিষেধের বিরুদ্ধে বিরল এক বিক্ষোভ সহিংসভাবে দমন করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এতে অন্তত দুজন নিহত হয়।
আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার ফলে আফগানিস্তান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটি এখন নানা সংকটের মুখে রয়েছে। এর মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও পাকিস্তান থেকে লাখ লাখ আফগান নাগরিকের দেশে ফিরে আসার বিষয়টিও অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণার জন্য চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ দাবিতে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। শাখা সভাপতি ও ডাকসুর এজিএস মুহা. মুহিউদ্দিন খানের নেতৃত্বে শিবিরের নেতাকর্মীরা স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে ভোটের তফসিল দ্রুত ঘোষণা, নির্ধারিত সময় অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করতে একটি স্থায়ী নির্বাচন-রোডম্যাপ প্রণয়ন এবং নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান হয়।
শিবিরের নেতারা উল্লেখ করেন, বর্তমান ডাকসুর মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি থাকতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ বা সময়সূচি জানানো হয়নি। এটি শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে। তাই দ্রুত নির্বাচনের বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত করার দাবি উত্থাপন করেছেন তারা।
স্মারকলিপি দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে ডাকসুকে শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ, অ্যাকাডেমিক উৎকর্ষ ও নেতৃত্ব বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ডাকসু শুধুমাত্র ছাত্ররাজনীতির নেতৃত্ব তৈরির ক্ষেত্র নয় বরং শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম, ক্যারিয়ার উন্নয়ন, আবাসন, পরিবহন, চিকিৎসা, নিরাপত্তা, ক্রীড়া, সংস্কৃতি এবং সার্বিক কল্যাণে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ছাত্রশিবিরের দাবি, ২০২৫ সালে ডাকসু পুনর্গঠনের পর শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে গবেষণা ও অ্যাকাডেমিক সেমিনার আয়োজন, আন্তর্জাতিক জার্নাল ও ই-রিসোর্সে প্রবেশাধিকার, দক্ষতা উন্নয়ন কার্যক্রম, পরিবহনব্যবস্থার উন্নয়ন, মেডিকেল সেবার সম্প্রসারণ, হলের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তার মতো উদ্যোগ। সংগঠনটির মতে, এসব কার্যক্রম একটি সক্রিয় ডাকসুর ইতিবাচক ভূমিকার উদাহরণ।
স্মারকলিপি জমা দিতে গিয়ে মুহিউদ্দিন খান বলেন, ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের একটি স্বাভাবিক ও চিরাচরিত প্রক্রিয়া। কিন্তু বর্তমান ডাকসুর মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত বা রোডম্যাপ দেওয়া হয়নি।
তিনি বলেন, ‘ডাকসু কবে হবে, কীভাবে হবে এবং এর বাজেট কোথায়’- এসব বিষয়ে প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
মুহিউদ্দিন খান আরো বলেন, পরবর্তী ডাকসু নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো ইউজিসিকে চিঠি পাঠানো হয়নি এবং ডাকসুর জন্য বাজেটও বরাদ্দ করা হয়নি। তাই দ্রুত বাজেট ও প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।
অতীতে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলো শিক্ষার্থীদের মতামত প্রকাশের সুযোগ সীমিত করতে ডাকসুকে অকার্যকর রাখার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
মুহিউদ্দিন খান বলেন, ‘আমরা চাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের স্পষ্ট সময়সূচি ও রোডম্যাপ ঘোষণা করা হোক।’ দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলন কর্মসূচি জোরদার করার ইঙ্গিতও দেন তিনি।
ব্রিফিংয়ে তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে ‘নব্বইয়ের হাওয়ার পূর্বাভাস’ তারা লক্ষ্য করেন এবং ডাকসুকে আগের মতো অকার্যকর বা বন্ধ করে দেওয়ার যদি কোনো পরিকল্পনা থাকে, তবে তা তারা মেনে নেবেন না। তিনি বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হিসেবে ডাকসুর ধারাবাহিকতা নিশ্চিত করার দাবিতে তারা কার্যক্রম চালিয়ে যাবেন।
এদিকে, শাহবাগ থানায় হামলাসহ ক্যাম্পাসে বিভিন্ন হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের বিষয়েও কথা বলেন শিবির সভাপতি। তিনি বলেন, এসব ঘটনার বিচার দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব হবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বলা হয়েছে, আগামী রবি ও সোমবারের মধ্যে সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা না হলে তা প্রকাশের দাবিতে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ