০৫:১৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাসায়নিক সারের চরম সংকটের কারণে ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ শোনার পর জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন উপজেলা কৃষি কর্মকর্তাকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি জানান, দ্রুত সার সংকটের সমাধান করা না হলে চাকরি থাকবে না।
শনিবার (২২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুর বালুর ঘাটে মহানন্দা-পুনর্ভবা নদীর মোহনায় ভূ-গর্ভস্থ পানি উত্তোলন বন্ধে নদীর পানি দিয়ে সেচকাজের একটি প্রকল্প পরিদর্শনকালে এই ঘটনা ঘটে।
পরিদর্শনকালে স্থানীয় কৃষকেরা বিএমডিএ চেয়ারম্যানের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, আমন মরসুমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা প্রয়োজনীয় ডিএপি ও অন্যান্য সার পাচ্ছেন না। এ কারণে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় তারা ভুগছেন। সমস্যা আরও বাড়ছে, কারণ খোলাবাজারে অত্যন্ত উচ্চ দামে সারের মূল্য দরিদ্র কৃষকদের জন্য অপ্রাপ্য হয়ে উঠেছে। কৃষকদের এমন অভিযোগের পর ঘটনাস্থলে উপস্থিত গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেনের কাছে সারের কৃত্রিম সংকট এবং তদারকির বিষয়ে জবাবদিহি চান হাসান জাফির তুহিন।
আরও পড়ুন: বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেফতার
জবাবদিহির একপর্যায়ে কৃষক দল সভাপতি ও বিএমডিএ চেয়ারম্যান স্পষ্টভাবে কৃষি কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, 'কৃষকদের সারের সমস্যার সমাধান না করলে চাকরি থাকবে না।' তিনি এই বাক্যটি পরপর দুইবার উচ্চারণ করেন এবং এ বিষয়ে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান।
তবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন জানিয়েছেন, চলতি মাসের নির্ধারিত বরাদ্দের সার প্রায় শেষ পর্যায়ে থাকলেও এটা সঠিকভাবে বন্টন করা হচ্ছে। বর্তমানে রোপা আমন এবং আমবাগানে একসঙ্গে সারের বাড়তি চাহিদা তৈরি হয়েছে, যার ফলে কিছু সাময়িক সমস্যা দেখা দিচ্ছে। কোনো ডিলার বা ব্যবসায়ী যাতে অবৈধ মজুত বা কালোবাজারি করতে না পারে, সেজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং তদারকি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট গোমস্তাপুরে সারের কৃত্রিম সংকট এবং চড়া দামের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় আমন চাষিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিলেন।
আরও পড়ুন: মরমী কবি ও সাহিত্যিকদের জন্য প্রসিদ্ধ সুনামগঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন