প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ সময় কারাবাসের পর জামিনে মুক্তির দুই বছর পর আবারও গ্রেপ্তার হয়ে আলোচনায় এসেছেন রাজধানীর অপরাধজগতের প্রভাবশালী সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত। চলতি বছরের ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় ঘটে যাওয়া খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ভয়ঙ্কর ব্যক্তিত্ব ছিলেন সুইডেন আসলাম। সাধারণ একজন তরুণ থেকে কিভাবে তিনি ঢাকার অপরাধজগতের শীর্ষ নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন, তার পেছনে রয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ, বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার পালাবদলের একটি দীর্ঘ ইতিহাস।
শৈশব ও অপরাধজগতে প্রবেশের সময় সুইডেন আসলামের পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম। তার পিতার নাম শেখ জিন্নাত আলী। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ায় তার গ্রামের বাড়ি হলেও, তিনি পরিবারসহ রাজধানীর ইন্দিরা রোডে বসবাস করতেন। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে তিনি এসএসসি পাস করেন।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে আসলামের অপরাধজগতে উত্থান শুরু হয়। প্রথমদিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব ছিল। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগ ওঠার পর তিনি প্রথমবারের মতো আলোচনায় আসেন।
কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ ও উত্থান নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের অপরাধজগতের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপের হাতে। পরবর্তীতে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত পিচ্চি হান্নান ছিলেন এই গ্রুপের অন্যতম সদস্য। ১৯৯০ সালের পর আসলামের সঙ্গে রানা গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ তীব্র হতে থাকে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে একাধিক হতাহতের ঘটনা ঘটে।
১৯৯৬ সালে আসলাম কৌশলে রানা গ্রুপের সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে টেনে নেন। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানা খুন হলে সেই ঘটনায় আসলাম ও হান্নানের নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, আসলাম ওই হত্যাকাণ্ড ঘটানোর জন্য পিচ্চি হান্নানকে ব্যবহার করেছিলেন।
রানার মৃত্যুর পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের আধিপত্য ছড়িয়ে পড়ে। আসলাম কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের চাঁদাবাজির দায়িত্ব পিচ্চি হান্নানকে দেন। তবে এসব এলাকায় চাঁদাবাজিসহ যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড আসলামের নামেই পরিচালিত হতো।
‘সুইডেন আসলাম’ নামের পেছনে রয়েছে তার ব্যক্তিজীবনের একটি ঘটনা। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে বসবাস করেন। দেশে ফেরার পর সেখান থেকেই তিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিতি পান। পরবর্তীতে ইতির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
গ্রেপ্তার ও কারাগারে বসেই অপরাধ নিয়ন্ত্রণ ১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরে আসেন সুইডেন আসলাম। ওই বছরের ২৬ মে ৩৫ বছর বয়সে একটি বুলেটপ্রুফ জ্যাকেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে ৯টি হত্যা মামলা। এছাড়া অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিল।
অভিযোগ রয়েছে, কারাগারে বন্দী থাকলেও বাইরের অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। এ কাজে তার প্রধান সহযোগী ছিলেন পিচ্চি হান্নান। কারাগারে বসেই আসলাম বিভিন্ন এলাকার ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক ও জমি কেনাবেচায় জড়িতদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন এবং এর ভাগ পেতেন বলে অভিযোগ রয়েছে। এর বাইরে মাদক চোরাচালান, ভাড়াটে খুনি দিয়ে হত্যা ও জমি দখলের মতো অপরাধেও তার সম্পৃক্ততার অভিযোগ ছিল।
কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় তার নাম আসে। বিভিন্ন সময়ে তার কারাকক্ষ (সেল) থেকে মুঠোফোন উদ্ধারের তথ্যও পাওয়া গেছে, যা ব্যবহার করে তিনি মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিতেন বলে অভিযোগ ছিল। এ কারণে তাকে একাধিকবার এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।
মুক্তি ও পুনরায় গ্রেপ্তার আসলামের ঘনিষ্ঠজনদের দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তির সুযোগ তৈরি হলেও ‘ক্রসফায়ারের’ ভয়ে তিনি সেভাবে জামিনের চেষ্টা করেননি। দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
মুক্তির পর আসলাম থাইল্যান্ডে যাতায়াত করছিলেন। থাইল্যান্ড থেকে দেশে ফেরার মাত্র চার দিনের মাথায় রোববার রাতে আবারও থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার চেষ্টা করার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় এবং টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন