১২:২১ পি.এম
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২০ জুলাই) তারা এক বার্তায় এ সতর্কবার্তা জারি করে।
এতে তারা জানিয়েছে, এডিবি কখনোই কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা দেয়ার কাজ করে না। এর পাশাপাশি, তারা আর্থিক সহায়তার নামে কোনো ধরনের ব্যক্তিগত আর্থিক তথ্য চায় না। এছাড়া, মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেয়ার জন্য অনুরোধও করে না।
আরও পড়ুন: খালেদ ও তাহেরকে জাতীয় বীর হিসেবে উপস্থাপন: বামপন্থিদের জিয়া-বিদ্বেষ
এডিবির তথ্য অনুসারে, সম্প্রতি কিছু প্রতারক এডিবি ও এর কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক উপকরণ সৃষ্টি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পর্ক নেই।
এডিবি জনসাধারণকে এসব ভুয়া ঋণের প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং এ ধরনের যোগাযোগে কোনো সাড়া না দেয়ার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে, যদি কেউ এডিবির ঋণ বা আর্থিক সহায়তার নামে যোগাযোগ করে, তাহলে বিষয়টি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে আহ্বান করেছে।
বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে এডিবি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। অতএব, এডিবির প্রতিনিধি পরিচয়ে যদি কেউ সরাসরি ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, তবে সেটি প্রতারণা হিসেবে গণ্য হবে।
এডিবির নাম, কর্মকর্তাদের পরিচয় অথবা অফিসের ঠিকানা ব্যবহার করে যে ধরনের প্রতারণামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত সতর্কবার্তা এবং এসব প্রতারণা এড়িয়ে চলার পরামর্শ এডিবির প্রকাশিত নির্দেশনায় পাওয়া যাবে।
আরও পড়ুন: মায়ের ওষুধ কিনে ফেরার পথে নিষিদ্ধ লীগের ককটেল হামলায় আহত শিক্ষার্থী
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহিষ্ণু প্রবৃদ্ধি এগিয়ে দিতে কাজ করছে। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ সংখ্যা ৬৯, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন